ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নতুন আরো একটি মেডিক্যাল বোর্ড গঠন করে সরকার রোববার বলেছে এ বোর্ড সুপারিশ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। নতুন এ বোর্ড ইতিমধ্যেই বৈঠকে বসেছে এবং রোববারই মতামত দেবে।
রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুল মতিন সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন, একটি পাঁচ সদস্যের নতুন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এ দুই মন্ত্র্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রোববার বেলা ১২ টায় প্রধান উপদেষ্টা এক জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে আব্দুল জলিলের বর্তমান শারীরিক অবস্থা নিরূপণ এবং সুকিৎসার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন বোর্ড গঠন করে এই বোর্ডের সুপারিশ বিবেচনা করার সিদ্ধান্ত হয়। সুপারিশ হলে প্যারোলে মুক্তি দিয়ে তাকে কারাগারের বাইরে চিকিৎসা দেওয়া হবে।
বোর্ড চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর সুপারিশ করলে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশেই পাঠানো হবে।"
ল্যাব এইডের মিডিয়া সমন্বয়কারী মেসবাহ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল ৩টা ৩৬ মিনিটে বোর্ডের বৈঠক শুরু হয়েছে।
জলিলকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে জেলকোড সংশোধন করতে হবে কি না --এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "মানবিক কারণে বিশেষ ব্যবস্থায় বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ পাঠানো হবে।"
একই অবস্থা অন্যদেরও হলেও এরকম ব্যবস্থার কথা বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "শেখ হাসিনা এবং খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আমরা অবহিত আছি। নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে। তাদের অবস্থা এত খারাপ নয়।"
মেডিক্যাল বোর্ডে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,সিএমএইচ ও মেডিক্যাল কলেজগুলোর প্রতিনিধি থাকবে বলে এর আগে জানিয়েছিলেন উপদেষ্টা।
চিকিৎসকরা আব্দুল জলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। দ্রুত ডায়ালাইসিস না করলে অবস্থার আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে ল্যাব এইড হাসপাতালের গঠিত মেডিক্যাল বোর্ড। দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয় বলেও মত দিয়েছেন তারা।
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসকে/১৬১৮ঘ.
bdnews24