ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শনিবার বলেছেন, স্থানীয় নয়, জাতীয় নির্বাচনের আয়োজন করাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব।
বিকালে গুলশানে নিজ বাসায় মুন্সীগঞ্জের লৌহজং থানা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জিল্লুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের অধিকার সংসদের। তাই নির্বাচিত সরকারই এ নির্বাচন করতে পারে। এই সরকারকে (বর্তমান তত্ত্বাবধায়ক সরকার) স্থানীয় নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। তাদের দায়িত্ব জাতীয় নির্বাচন করা।"
সরকার জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের আয়োজন করলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "সরকার এ উদ্যোগ নিলে আওয়ামী লীগ তার বিরোধিতা করবে। সরকার তারপরও সিদ্ধান্তে অটল থাকলে দলীয় ফোরামে আলোচনা করে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।"
জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "এখন জরুরি অবস্থা রাখার কোনো মানে হয় না। এই দমনমূলক আইন দিয়ে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। কিন্তু জরুরি অবস্থার জন্য আমরা ভোটারদের কাছে যেতে পারছি না।"
নির্বাচন নিয়ে 'সব ধরনের সংশয়' দূর করতে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণারও আহবান জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অসুস্থতার কথা উল্লেখ করে জিল্লুর বলেন, "যাদের উপদেশ এখন আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেই শীর্ষ নেতারাই এখন কারাবন্দি। আমাদের সাধারণ সম্পাদককে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন মৃত্যুশয্যায়।"
অবিলম্বে শেখ হাসিনা ও আব্দুল জলিলের মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে জিল্লুর বলেন, "তাদের কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। দেশবাসিও ক্ষুব্ধ হয়ে উঠবে। আমি সরকারকে বলব, এভাবে নিজেদের মানবতাবিরোধী হিসেবে পরিচিত না করে তাদের (হাসিনা ও জালিল) মুক্তি দিন।"
এদিন লৌহজং থানা আওয়ামী লীগ এক লাখ এবং জেদ্দা আওয়ামী লীগ এক লাখ ৭৫ হাজার টাকা দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইবি/১৯৪৩ ঘ.
bdnews24