২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার স্থানীয় নির্বাচন নিয়ে রাজনীতি করছে: সুরঞ্জিত

সরকারের বিরুদ্ধে স্থানীয় নির্বাচন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের নির্বাচন না করার দাবি জানিয়ে শনিবার তিনি বলেছেন, "সরকার স্থানীয় নির্বাচন নিয়ে রাজনীতি করছে। কিন্তু গণতন্ত্রকে জিম্মি করে, সংসদকে জিম্মি করে স্থানীয় সরকার হয় না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সরকারের বিরুদ্ধে স্থানীয় নির্বাচন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের নির্বাচন না করার দাবি জানিয়ে শনিবার তিনি বলেছেন, "সরকার স্থানীয় নির্বাচন নিয়ে রাজনীতি করছে। কিন্তু গণতন্ত্রকে জিম্মি করে, সংসদকে জিম্মি করে স্থানীয় সরকার হয় না।" রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ ও সম্পূরক প্রস্তাবনা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত উল্লিখিত মন্তব্য করেন। বেসরকারি সংগঠন গভর্নেন্স কোয়ালিশন এই আলোচনার আয়োজন করে। সুরঞ্জিত সেনগুপ্ত সরকারের উদ্দেশে বলেন, "আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি, সবার আগে জাতীয় নির্বাচন দিন।" তিনি বলেন, "এখন স্থানীয় নির্বাচন করলে তা সংসদেই পাস করতে হবে। অথচ যারা সংসদে বিষয়টি পাস করবেন, তাদের মতামত নেওয়া হচ্ছে না।" তারা দ্রুত জাতীয় সংলাপ চান উল্লেখ করে সুরঞ্জিত বলেন, নির্বাচন কমিশনের সংলাপের সঙ্গে সরকারের সংলাপের কোনো সম্পর্ক নেই। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "কবে নির্বাচন হবে, কবে জরুরি অবস্থা শেষ হবে তা নিয়ে আপনাদের সঙ্গে সংলাপ হবে।" গোলটেবিল আলোচনায় ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উদ্যোগের সমালোচনা করে বলেন, "এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।" সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে যদি সিটি করপোরেশন নির্বাচন করতে হয়, তাহলে জাতীয় সংসদের মেয়াদতো শেষ হয়েছে আরো আগে; সেটা আগে করুন।" বিএনপির সহ সভাপতি এম কে আনোয়ার নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, "ভোটার আইডি কার্ড করতেই দুই বছর সময় লেগে গেছে। তাদের (নির্বাচন কমিশন) কাজ তাড়াতাড়ি নির্বাচন করা।" বর্তমান সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের উদ্যোগ নিলেও প্রকৃত অর্থে কোনও সংস্কার হয়নি মন্তব্য করে তিনি বলেন, "নির্বাচন কমিশন সচিবালয় এখনো প্রধান উপদেষ্টার অধীনে, এই প্রতিষ্ঠানের আর্থিক ক্ষমতাও নেই।" আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'মানুষের জন্য ফাউন্ডেশনের' সমন্বয়কারী কার্তিক মণ্ডল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সালাহ উদ্দিন এম আমিনুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জাসদ নেতা নাজমুল হক প্রধান, গভর্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসীন আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এসকে/১৭০৪ঘ.