২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাবন্দি আব্দুল জলিলের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসকরা জানিয়েছেন। প্রবীণ রাজনীতিক আব্দুল জলিলের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন এবং কারা উপ মহা পরিদর্শক মেজর সামছুল হায়দার ছিদ্দিকী শনিবার সকাল সোয়া ১১ টার দিকে ল্যাব এইড হাসপাতালে যান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাবন্দি আব্দুল জলিলের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসকরা জানিয়েছেন। (আরো তথ্যসহ) প্রবীণ রাজনীতিক আব্দুল জলিলের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন এবং কারা উপ মহা পরিদর্শক মেজর সামছুল হায়দার ছিদ্দিকী শনিবার সকাল সোয়া ১১ টার দিকে ল্যাব এইড হাসপাতালে যান। আব্দুল জলিলের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আগামী রোববার বসবে বলে আগে থেকেই সিদ্ধান্ত ছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বোর্ড শনিবার বিকালেই বসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই রেহানা জলিল তার স্বামীর পাশে রয়েছেন। শনিবার দুপুরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মতিউর রহমান সাংবাদিকদের বলেন, "তার অবস্থা আশঙ্কাজনক। কাল রাতে (শুক্রবার) তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেছে। কিডনি ঠিকমতো কাজ করছে না বলে শুক্রবার রাতেই তার মাইল্ড হার্ট ফেইলিওর ডেভেলপ করেছে। ইনজেকশন দেওয়াতে তার অবস্থা এখন কিছুটা ভালো। তবে হঠাৎ করেই অবস্থা খারাপ হতে পারে।" মতিউর রহমান আরো বলেন, আব্দুল জলিলের অবস্থা যে এতটা খারাপ তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে। 'মাইল্ড হার্ট ফেইলিওর ডেভেলপ' বিষয়টি ব্যাখা করে তিনি বলেন, "তার হৃদপিন্ডের ওপর যে চাপ চড়ছে সেটা এটি নিতে পারছে না। কিডনিজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তার পালমোনারি ইডিমা হয়েছে। এতে করে হৃদপিন্ডের রক্ত ফুসফুসে গিয়ে জমা হচ্ছে।" ডা.মতিউর রহমানকে প্রধান করে গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক বরেণ চক্রবর্তী, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক আনিসুল হক ও অধ্যাপক আব্দুস সামাদ এবং হাড় ও অস্থি বিশেষজ্ঞ ডা. গৌরাঙ্গ বৈরাগী। মেডিকেল বোর্ড আব্দুল জলিলকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে কিনা জানতে চাইলে ইতিবাচক মনোভাব জানিয়ে মতিউর রহমান বলেন, "তার কিডনির অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় কিডনি ডায়ালাইসিস অথবা তা প্রতিস্থাপন করতে হবে। পরিবারের সদস্যরা চান কিডনি প্রতিস্থাপন করতে। চিকিৎসকদের সুপারিশ হবে তাকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয়। কারণ দেশে নিয়মিত কিডনি প্রতিস্থাপন হয় না। তাছাড়াও জলিল বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন।" হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় কারা মহাপরিদর্শক জাকির হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,"ওনার (আব্দুল জলিলের) অবস্থা খুব একটা ভালো না। আজ (শনিবার) মেডিকেল বোর্ড বসবে। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী সরকার যা করার তাই করবে।" দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে আব্দুল জলিলকে গত বছরের ২৮ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল জলিল কিডনি, হৃদরোগ, রক্তচাপ ওঠা-নামা এবং চোখের সমস্যায় ভুগছিলেন। তার কিডনির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। জলিলের হৃদপিণ্ডে বাইপাস অপারেশন হয়েছে এবং তাতে পেসমেকার বসানো। বিডিনিউজ টোরেন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসকে/১৪১৪ঘ.