ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া শুক্রবার দুপুরে বিশেষ কারাগারে ভোটার তথ্য ফরম পূরণ করেছেন। আগামী রবি অথবা সোমবার তারা ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের জন্য ছ্িব তুলবেন।
ঢাকা মহানগরীতে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রমের শুক্রবারই শেষ দিন।
কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বিকেলে বলেন, " আজ শুক্রবার দুপুরে সাবেক দুই প্রধানমন্ত্রীর ভোটার ফরম পূরণ সম্পন্ন হয়েছে। রবিবার অথবা সোমবার ভোটার তালিকায় নিবন্ধনের জন্য তাদের স্বাক্ষরগ্রহণ ও ছবি তোলার কাজ সম্পন্ন করা হবে। ''
মেজর ছিদ্দিকী জানান, নিজেদের ইচ্ছা অনুযায়ী শেখ হাসিনাকে ধানমন্ডি এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার করা হবে। এজন্য কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান।
প্রচলিত বিধান অনুযায়ী, কারাবন্দিরা ডাকযোগে পাঠানো ব্যালটের মাধ্যমে নিবন্ধনের ঠিকানায় ভোট দিতে পারেন।
ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিশেষ কারাগারে কারা কর্তৃপক্ষ প্রাথমিক কাজগুলো করছেন। তবে দুই সাবেক প্রধানমন্ত্রীর ভোটার নিবন্ধনের সময় প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।''
বিশ্বাস লুৎফুর রহমান বলেন, "মহানগরীর ভোটার তালিকার আনুষ্ঠানিক কার্যক্রম শুক্রবার শেষ হবে। প্রায় সবাই তালিকাভুক্ত হয়েছেন বলে মনে হচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত ভোটার হয়েছেন প্রায় ৩৪ লাখ ২৩ হাজার জন।"
নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় দাবি-সংশোধন-আপত্তি-নিষ্পত্তির জন্য যে ১৫ দিন সময় দেওয়া হয় তখন বাদ পড়ারা নিবন্ধনের সুযোগ পাবে বলে জানান উপ-নির্বাচন কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসকে/১৬৫৫ঘ.
bdnews24