ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সাম্যবাদী দল নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, জরুরি অবস্থার মধ্যে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রোববার নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপের প্রথমদিন এ দুটি দলের পক্ষ থেকে নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানানো হয়।
ওয়ার্কার্স পার্টি ও সাম্যবাদী দল ছাড়াও বিকল্প ধারা বাংলাদেশ এদিন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসে।
দলগুলোর পক্ষ থেকে সংলাপ শেষে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও দাবি জানানো হয়।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় চারটি সিটি করপোরেশন নির্বাচনের আগেই প্রার্থীরা যেনো স্বাধীনভাবে প্রচার চালাতে পারে, সেজন্য নির্বাচন কমিশন সরকারকে জরুরি অবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে।
বিকালে রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির নয় সদস্যর প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে সংলাপে বসেন। সিইসি ছাড়াও অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন এতে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উপস্থিতিতেই এ সংলাপ হচ্ছে।
রাশেদ খান মেনন বলেন, "সরকারের কেউ কেউ মনে করছেন, সামরিক শাসন ও জরুরি অবস্থার মধ্যেও নির্বাচন সম্ভব। কিন্তু আমরা মনে করি, জরুরি অবস্থায় কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। সরকারকে জরুরি অবস্থা তুলে দিয়ে নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে।"
তিনি বলেন, "নির্বাচনের রোডম্যাপ নিয়ে জনমনে সংশয় আছে। এই সংশয় দূর করতে কমিশনকে সংলাপ শেষে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।"
এ পর্যায়ে সিইসি বলেন, "জরুরি অবস্থায় প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাবেন কীভাবে? প্রার্থীরা যাতে মুক্তভাবে প্রচার চালাতে পারেন তেমন নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি। সেইসঙ্গে ঢাকার বাইরে ঘরোয়া রাজনীতি চালু করতে বলেছি আমরা।"
রোডম্যাপ অনুযায়ী অক্টোবরের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে
bdnews24