ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নিত্য প্রয়োজনীয দ্রব্যের মূল্য সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই পর্যবেক্ষক কমিটির জন্য পৃথক দপ্তর গঠনেরও চিন্তাভাবনা করা হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রবিবার দুপুরে তার দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন," বর্তমান বাজারের অস্থিতিশীল অবস্থায় আমরা উদ্বিগ্ন ,চিন্তিত। ভোক্তাদের কাছে যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে আনা যায় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার কিছুটা প্রতিফলন আমাদের দেশেও ঘটবে। তবে তার মানে এই না যে যখন-তখনই মূল্য ওঠানামা করবে।"
তিনি আরও বলেছেন,"অর্থনীতিক বাস্তবতার দৃষ্টিকোণ থেকে মূল্য বাড়বে এবং সেটি অবশ্যই হতে হবে যৌক্তিক পর্যায়ের এবং পুরো বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা চালানো হবে। এই বিষয়ে মনিটর ও সার্বক্ষণিক মনিটর করার জন্য এই কমিটি ধারাবাহিভাবে কাজ করে যাবে।"
রবিবার বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, "এখন ভারত থেকে চাল আমদানী করা হচ্ছে। এর বিকল্প বাজারও খোঁজার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা নয়টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা তৈরি করেছি। আমি আশাবাদী এই নয়টি দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হবে যাতে মূল্য কোন কারণ ছাড়াই ওঠানামা না করে।"
তিনি জানান, সোমবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আমদানীকারক এবং সরকারের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক করা হবে।
এই বৈঠকের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে এবং এর ভিত্তিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং এর দাম মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে উপদেষ্টা মনে করেন।
এর আগে তিনি মন্ত্রণালয়ে বিডিআরের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদসহ সরকারি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে এক বৈঠক করেন।
গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি নয়টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য চিহ্নিত করে এবং এগুলোর মূল্য পর্যবেক্ষণ করার পদক্ষেপ নেয়। দ্রব্যগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, গুঁড়ো দুধ, চিনি, লবণ, আলু ও পেঁয়াজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/কিউএইচ/এমএ/১৫৫৭ঘ.
bdnews24