২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে বাদ দিয়ে সংলাপ গ্রহণযোগ্য হবে না: খোন্দকার দেলোয়ার

বিএনপিকে বাদ দিয়ে সংলাপ ও নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অমর একুশে উপলক্ষে এক আলোচনাসভায় তিনি বলেন, ''বিএনপিকে বাদ দিয়ে সংলাপ ও নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা নির্বাচন চাই। তবে তার আগে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি দিতে হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে বাদ দিয়ে সংলাপ ও নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অমর একুশে উপলক্ষে এক আলোচনাসভায় তিনি বলেন, ''বিএনপিকে বাদ দিয়ে সংলাপ ও নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা নির্বাচন চাই। তবে তার আগে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি দিতে হবে।'' নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে খোন্দকার দেলোয়ার প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, ''বর্তমান কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই প্রতিষ্ঠানকে বির্তকিত করবেন না। নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দেবেন না।'' দলের 'সংস্কারপন্থীদের' উদ্দেশে তিনি বলেন, "ঐক্য চাইলে ২৯ অক্টোবরের বৈঠক ভুলে যেতে হবে।" গত ২৯ অক্টোবর গুলশানে সাইফুর রহমানের বাসায় দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে দেলোয়ার এ মন্তব্য করেন। ওই বৈঠকে সাইফুর রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব করা হয়। আলোচনা সভায় দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় সবাইকে নিয়ে দল পরিচালনার জন্য খোন্দকার দেলোয়ারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ''একজন দিয়ে দল চালানো যায় না। অতীতে এরকম পরিস্থিতির কারণে রাজনৈতিক অঙ্গনে বিপর্যয় হয়েছে। আমাদের আত্মশুদ্ধিরও প্রয়োজন রয়েছে।'' 'দুই নেত্রীকে বিদেশে পাঠানোর ষড়যন্ত্র চলছে' মন্তব্য করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খোন্দাকার দেলোয়ারের সভাপতিত্বে এ আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মহিলা দলের শিরিন সুলতানা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সভাপতি এম এ মালেক, উলামা দলের মাওলানা আবদুল মালেক, ছাত্র দলের সহ সভাপতি সুলতান মাহমুদ টুকু বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের জন্য মোনাজাত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১০৬ ঘ.