ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের ওপর ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত স্থিতাবস্থার (স্টাটাসকো) নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
রায় স্থগিতের জন্য সরকার ও হাবিবুল আওয়ালের আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এ মতিন এ আদেশ দেন।
২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী শুনানি হবে।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আফতাবউদ্দিনের রিটের পরিপ্রেক্ষিতে সোমবার ভারপ্রাপ্ত আইন সচিবের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।
রায় স্থগিতের জন্য সরকার ও হাবিবুল আওয়ালের আবেদনের ওপর মঙ্গলবার শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আমীর উল ইসলাম।
তারা বলেন, হাইকোর্টের রায় স্থগিত না হলে আইন মন্ত্রণালয়ের কাজে স্থবিরতা দেখা দেবে।
রিটকারীর পক্ষে আজমালুল হোসেন রায় স্থগিতের আদেশে বিরোধিতা করেন। আদালতকে তিনি বলেন, "রায় স্থগিতের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবারই শুনানি করা হোক।"
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আওয়ালকে গত বছর ২৮ জুন একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।
এর বৈধতা নিয়ে আফতাবউদ্দিন ৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন। ৭ জুলাই হাইকোর্ট ভারপ্রাপ্ত আইন সচিবের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে সরকার ও কাজী হাবিবুল আওয়ালের প্রতি রুল জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/জিএনএ/১৬৬৭ ঘ.
bdnews24