ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন।
আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের কানাডা চ্যাপ্টারের সভাপতি স্লোন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে দেখবেন। তিনি হাসিনা পরিবারের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিদেশি আইনজীবীর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "উইলিয়াম স্লোনকে শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে বলেই তিনি বাংলাদেশে এসেছেন।"
শনিবার বিকালে উইলিয়াম স্লোন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের বলেন, "আমি আমার বন্ধুদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। তাদের সঙ্গে আলোচনা করে সব বিষয়ে ধারণা পাওয়ার পর আমি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবো।"
ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার মামলাগুলো কী ভাবে পরিচালিত হচ্ছে এবং তার মামলা পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লংঘনের ঘটছে কিনা তা পর্যবেক্ষণের জন্যই উইলিয়াম স্লোন ঢাকায় এসেছেন।"
ব্যারিস্টার তাপস জানান, বাংলাদেশে আসার আগে কানাডার এই আইনজীবীকে শেখ হাসিনার আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারে সে জন্যও আবেদন করা হবে।
আগামী ১৯ ফেব্র"য়ারি ভাসমান বিদ্যুত কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানিতে উইলিয়াম স্লোন আদালতে উপস্থিত থাকার জন্যও আবেদন করা হবে বলে ব্যারিস্টার তাপস জানিয়েছেন।
মামলার বিষয় নিয়ে শনিবার রাতে উইলিয়াম স্লোনের সঙ্গে ধানমন্ডির একটি রেস্তোরায় শেখ হাসিনার আইনজীবীদের আলোচনার কথা রয়েছে।
উইলিয়াম স্লোন এর আগে ২০০২ সালে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত একটি মানবাধিকার সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।
উইলিয়াম স্লোন শুক্রবার দিবাগত রাত রাত আড়াইটায় ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে কিছুটা হয়রানি করা হয় বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।
এ প্রসঙ্গে ব্যারিস্টার তাপস বলেন, "আমরা যেন বিদেশ থেকে কোনও আইনজীবী আনতে না পারি, সে জন্য সরকার তৎপর রয়েছে। এ জন্যই হয়তো উইলিয়াম স্লোনের সঙ্গে বিমান বন্দরে ঝামেলা করা হয়েছে।"
বাংলাদেশে পর্যটক ভিসা নিয়ে এসে কেউ আইনি লড়াইয়ে অংশ নিতে পারেন কিনা- জানতে চাইলে ফজলে নূর বলেন, "আমাদের এখানে ভিসার ক্যাটাগরি তো লিমিটেড। এ জন্যই তাকে (স্লোন) টুরিস্ট ভিসায় আসতে হয়েছে।"
উইলিয়াম স্লোন আগামী ২৩ ফেব্র"য়ারি বাংলাদেশ ছাড়বেন।
শেখ হাসিনার মামলার বিষয়ে আইনগত পরামর্শ দিতে গত মাসে কানাডার অপর এক আইনজীবী পায়েম আখাভান ঢাকায় এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩০ ঘ.
bdnews24