বিশেষ দ্রষ্টব্য: উইলিয়াম স্লোন কানাডার আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রের আইনজীবী নন। এটি সংশোধিত হয়েছে।
ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন। আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের কানাডা চ্যাপ্টারের সভাপতি স্লোন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে দেখবেন।
শেখ হাসিনার মামলার বিষয়ে আইনগত পরামর্শ দিতে গত মাসে কানাডার আইনজীবী পায়েম আখাভান ঢাকায় এসেছিলেন।
শনিবার ভোররাতে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উইলিয়াম স্লোন জিয়া বিমানবন্দরে পৌঁছেন বলে জানিয়েছেন শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উইলিয়াম স্লোন এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তিনি শেখ হাসিনাসহ বন্দি রাজনীতিবিদদের বিচার প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। শেখ হাসিনার মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলবেন তিনি।
শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার মামলার বিষয় নিয়ে আমরা আজ (শনিবার) রাতে উইলিয়াম স্লোনের সঙ্গে আলোচনায় বসব।"
উইলিয়াম স্লোন এর আগে ২০০২ সালে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত একটি মানবাধিকার সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৮৪০ ঘ.
bdnews24