ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলার বাদী ওয়েস্টমন্ট পাওয়ার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে চেক-প্রতারণার মামলা হয়েছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন মতিঝিলের একটি অর্থলগ্নী প্রতিষ্ঠান ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী বাদীর জবানবন্দি নিয়ে ১৩ মে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, তাজুল ইসলাম ফারুক ওয়েস্টমন্ট পাওয়ারের জন্য ফারইস্ট থেকে ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর পাঁচ কোটি টাকা ঋণ নেন। পরে ঋণ পরিশোধের জন্য তিনি আনোয়ার হোসেনকে কয়েকটি চেক দেন। সেগুলোর মধ্যে ১৮ লাখ ৩২ হাজার ৮১০ টাকার একটি চেক ব্যাংক নাকচ করে।
মামলায় বলা হয়, এ ব্যাপারে তাজুল ইসলাম ফারুককে উকিল নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
তাজুল ইসলাম ফারুক তিনকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ এনে গত বছরের ৯ এপ্রিল শেখ হাসিনা ও তার ব্যক্তিগত কর্মচারী মানু মজুমদারের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২২২৩ ঘ.
bdnews24