ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
এছাড়া কাজী জাফরউল্লাহ ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর সম্পত্তির হিসাব চেয়ে দেওয়া দুদকের নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট দুদক ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।
দুদকের চেয়ারম্যান, সচিব, উপ পরিচালক মোবারা খানম ও সরকারের স্বরাষ্ট্র সচিবকে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ কাজী জাফরউল্লাহ ও কোকোর দায়ের করা পৃথক দুইটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত ২৮ জানুয়ারি কাজী জাফরউল্লাহর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। তাকে এক সপ্তাহের মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলা হয়।
কাজী জাফরউল্লাহ ৩০ জানুয়ারি সম্পত্তির হিসাব দেওয়ার জন্য দুদকে সময়ের আবেদন জানান। ৬ ফেব্রুয়ারি দুদক তার সময়ের আবেদন মঞ্জুর করে।
দুদকের নোটশ চ্যালেঞ্জ করে কাজী জাফরউল্লাহ দায়ের করা রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ।
তিনি শুনানিতে বলেন, দুদক আইনে প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই সম্পত্তির হিসাব চেয়ে বেআইনীভাবে ওই নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে আরাফাত রহমান কোকোর সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশ দেয় গতবছর ২৮ ডিসেম্বর।
ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
গতবছর ৩ সেপ্টেম্বর আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮১৫ঘ.
bdnews24