২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের জামিন পেলেন হান্নান শাহ

জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আ স ম হান্নান শাহকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জরুরি বিধি ভঙ্গের অভিযোগে হান্নান শাহর বিরুদ্ধে ফতুল্লা থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) কেন প্রত্যাহার করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আ স ম হান্নান শাহকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জরুরি বিধি ভঙ্গের অভিযোগে হান্নান শাহর বিরুদ্ধে ফতুল্লা থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) কেন প্রত্যাহার করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। নারারণগঞ্জ জেলা প্রশাসককে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। হান্নান শাহ'র আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। হান্নান শাহর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় গত বছর ৭ নভেম্বর হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ২২ নভেম্বর তিনি হাইকোর্টের জামিন পান। ২৫ নভেম্বর তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। ৩০ জানুয়ারি হাইকোর্ট ওই আটকাদেশ অবৈধ ঘোষণা করে হান্নান শাহকে মুক্তি দিতে বলে। আদালতের নির্দেশে গত ৭ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তির পরপরই জেলগেট থেকে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে অভিযোগ করা হয়, মুক্তি পাওয়ার পর হান্নান শাহ কারাগারের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ওপর দুই তিনশ লোক জড়ো করে রাস্তা অবরোধ করেন ও যানজট সৃষ্টি করেন। এতে জরুরি অবস্থা ভঙ্গ হয়েছে। রোববার ওই জিডি বাতিলের আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে হান্নান শাহর পক্ষে ব্যারিস্টার রফিকুল হক বলেন, ফতুল্লা থানার জিডিতে যে সময়ে জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগ করা হয়েছে ওই সময় হান্নান শাহ কারাগারের ভেতরে ছিলেন। রফিকুল হককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দন খোকন ও অ্যাডভোকেট এ এস এম এম কবির খান। কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হান্নান শাহর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তি পেতে আর বাঁধা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/জেকে/১৬৫২ ঘ.