ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিএনপি সাংসদ ও যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শুক্রবার সকালে আটকের পর জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলালকে বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আলালকে দুই দিনের রিমান্ডে পাঠান মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী।
আলালকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান তিন দিনের পুলিশ রিমান্ড চান।
রিমান্ড আবেদনে বলা হয়, আলাল জরুরি বিধিমালা ভঙ্গ করে মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য ও রাজনেতিক তৎপরতা চালিয়েছেন। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস চালিয়েছেন।
আলাল রাজনৈতিক সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে অঢেল অর্থবিত্তেরও মালিক হয়েছেন বলে ওই আবেদনে উল্লেখ করা হয়।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আদালতে বলেন,''তার বিরুদ্দে আনীত অভিযোগ সত্য নয়। আমি কখনো জরুরী বিধিমালা ভঙ্গ করিনি। বরং সরকার যাতে ভালভাবে দেশ পরিচালনা করে,সেজন্য কাজ করেছি।'' তিনি জানান, তার বৃদ্ধ মা অসুস্থ। তার দেখাশুনার কেউ নেই।
আলালের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার আদালতে জামিনের আবেদন জানালেও তা নাকচ করে দেন হাকিম এমরান হোসেন চৌধুরী।
এর পর বিকাল পৌনে ৫টায় আলালকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।
আলালকে গ্রেপ্তারের বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি বিধিমালার ১৬/২ ধারা ভঙ্গের অভিযোগে একটি মামলায় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।"
শুক্রবার সকাল সাড়ে ৮টায় লালমাটিয়ায় লাকি অ্যাপার্টমেন্টের বাসা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়। সাবেক এ সাংসদের সহকারী জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার বাসায় ছিলেন। সকালে পুলিশ এসে উনাকে নিয়ে যান।"
গত বছরের ৭ নভেম্বর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে দলীয় কর্মসূচির পর বিএনপি নেতা ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান দলের খোন্দকার দেলোয়ারপন্থীদের হাতে নাজেহাল হওয়া সংক্রান্ত জরুরি বিধিমালা ভঙ্গের আরও একটি মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আসামি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এমআই/এমএ/১৭৩১ ঘ.
bdnews24