মেহেরপুর, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর -১ আসনের (সদর) বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। শহরের ফুলবাগানপাড়ার বিএনপি সমর্থিত ব্যবসায়ী মহসিন আলী বুধবার রাতে সদর থানায় মামলাটি করেন।
মামলায় সাংসদ মাসুদ অরুণ ছাড়াও মেহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সাংসদের সহযোগী মেহেরপুর পৌর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাহাফুজুর রহমান অশেষকে আসামী করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ৭ জানুয়ারি আসামিরা মেহেরপুর বামনপাড়ার কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে মহসিন আলীর মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন।
ওই বছরের সালেরই ২০ জানুয়ারি তিনি অপর আসামিদের উপস্থিতিতে মাসুদ অরুণকে দেড় লাখ টাকা দেন। কিন্তু তার মেয়ের চাকরি হয়নি। এমনকি মাসুদ অরুণ তার টাকাও ফেরত দেননি।
২০০৭ সালের ১৭ জানুয়ারি মহসিন টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন।
এ নিয়ে গত দুই মাসে সাংসদের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজি ও প্রতারণার মামলা হয়েছে। জরুরি অবস্থা জারির পর থেকেই সাংসদ ও তার সহযোগীরা আত্মগোপনে চলে গেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মাসুদ অরুণের বিরুদ্ধে দায়ের তিনটি মামলা দ্রুত তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24