২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন দাবি হাসিনার

আবারও এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১ এর এজলাসে হাসিনা তার আইনজীবী ও সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান। শেখ হাসিনা বলেন, "এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন হলে ভাল হয়। নয় মাসে দেশ স্বাধীন হলে ভোটার তালিকা করতে এত সময় লাগবে কেন?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আবারও এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১ এর এজলাসে হাসিনা তার আইনজীবী ও সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান। (বিস্তারিত) শেখ হাসিনা বলেন, "এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন হলে ভাল হয়। নয় মাসে দেশ স্বাধীন হলে ভোটার তালিকা করতে এত সময় লাগবে কেন?" তিনি বলেন, "এই মুহূর্তে জনপ্রতিনিধিদের নির্বাচিত সরকার দরকার। জনপ্রতিনিধি ছাড়া সরকার চলেনা।" বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, "আদালতের রায়ে সংবিধান সমুন্নত করা হয়েছে। সবার আগে সংবিধান। সংবিধানই সব। এর বাইরে কোন কিছু চলতে পারেনা। এর বাইরে যা হবে তা বেআইনী।" একই দিন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছিলেন, দুই নেত্রীকে আটক রেখে কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার অবিলম্বে মুক্তি দাবি করেন। এ বিষয়ে শেখ হাসিনার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, "ওসব কিছু জানিনা। আগে চাই নির্বাচন। গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি।" তিনি আরও বলেন, "আমরাই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় এনেছি। তাদের কাজ ছিলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া। কিন্তু তা না করে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অনেকে ক্ষমতার দাপটে অনেক কিছুই ভুলে যায়। ওপরে আল্লাহ আছে।" সাবেক প্রধানমন্ত্রী বলেন, "জরুরী অবস্থা বেশি দিন চলতে পারে না। জরুরী আইনের সীমাবদ্ধতা আছে। সময় বাঁধা আছে। অনির্দিষ্টকালের জন্য এটা থাকতে পারে না। জরুরী আইনও সংবিধান অনুযায়ী হতে হবে।" তিনি বলেন, "যদি ন্যায় বিচার হয়, চাপ প্রয়োগ করা না হয়, তাহলে প্রতিটি মামলায় আমি জয়ী হবো।" আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "দেশের মানুষ ক্ষুধার্ত, তারা কষ্টে আছে। বাংলাদেশের মানুষ আজ চারিদিকে অন্ধকার দেখছে। ৪০ টাকা কেজি চালের দাম হওয়ার পরেও কেউ যদি বলে, দাম স্থিতিশীল রয়েছে। সেটা ঠিক না, বিষয়টা হলো মানুষের ক্রয় ক্ষমতার।" দুর্নীতির অভিযোগ আবারও অস্বীকার শেখ হাসিনা বলেন, "আমি কোনো দুর্নীতি করিনি। বেসরকারী খাতে আমার সরকারই প্রথম বিদ্যুৎ উৎপাদন করেছে।" শেখ হাসিনা বলেন, "যদি অন্যায় করতাম তাহলে দেশবাসী তা জানতে পারতো। সারাজীবন রাজনীতি করেছি দেশের মানুষের জন্য, দেশের জন্য। আমি জনগণের ভোটের অধিকার চাই। এ জন্য নির্বাচন হওয়া খুবই জরুরী।" সংবিধানের বিভিন্ন অধ্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "সংবিধানের ৭ নম্বর অধ্যায়ে জনগণের অধিকারের কথা বলা হয়েছে। ৭ এর (২)-এ জনগণের অধিকার সমুন্নত রাখতে হবে এই নির্দেশও দেওয়া হয়েছে। ৩৫ নম্বর অধ্যায়ে বলা আছে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার কথা। তাই অবিলস্বে জনপ্রতিনিধিত্বশীল সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।" ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জমাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। আদালত এ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করে। এরপর বিচারক এজলাস ছেড়ে নেমে গেলে হাসিনা আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে প্রায় ১৫/২০ মিনিট কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৮২৩ঘ.