ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা উচ্চ আদালতের রায়ে বাতিল হওয়ার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রভাবশালী চার সদস্য বুধবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেছেন।
এরা হলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত। তাদের সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও ছিলেন।
আমির হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনানুষ্ঠানিকভাবে জিল্লুর রহমানের বাসায় একটি বৈঠক করেছি। বৈঠকে সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হয়েছে।"
আমু আরও জানান, তারা সংলাপের ব্যাপারে আগামী ১০ ফেব্র"য়ারি থেকে ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন।
বৈঠকে আলোচিত বিষয় নিয়ে মুখ খোলেননি আর কেউ। একজন শুধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে আওয়ামী লীগের কর্মসূচিতে এর প্রভাব থাকবে।"
ভারপ্রাপ্ত সভাপতির বাসায় সভাপতিমণ্ডলীর চার সদস্য বিকাল পাঁচটায় যান এবং সাড়ে সাতটা পর্যন্ত সেখানে ছিলেন।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান কিছু সময়ের জন্য বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এমনিতে ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি উনারা কথা বলছেন। তাই বেশিক্ষণ থাকিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/এমএআর/এসএনডি/এমএইচবি/২৩০৩ ঘ.
bdnews24