২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের আচরণ হতে হবে বন্ধুর মত: সিএস করিম

কৃষি ও পানিসম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, পুলিশের আচরণ হতে হবে বন্ধুর মত। থানায় কেউ এলে তাকে বসিয়ে তার কথা শুনতে হবে। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিতে হবে। সেখানেই মানুষের স্বার্থ জড়িত, সেখানেই পুলিশকে ভূমিকা পালন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেনী, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানিসম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, পুলিশের আচরণ হতে হবে বন্ধুর মত। থানায় কেউ এলে তাকে বসিয়ে তার কথা শুনতে হবে। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিতে হবে। সেখানেই মানুষের স্বার্থ জড়িত, সেখানেই পুলিশকে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, "পুলিশকে এখন দূর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার রক্ষাসহ বহু সামাজিক কাজও করতে হয়। পুলিশ ও মানুষের মাঝে কোন অদৃশ্য দেয়াল থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সেই দেয়াল ভেঙে ফেলতে হবে।" মঙ্গলবার দুপুরে ফেনী মডেল থানার সার্ভিস ডেলিভারি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন "অপরাধ দমনে প্রয়োজন পুলিশ ও কমিউনিটির কার্যকর সম্পর্ক।" এখন সারাদেশে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বলে তিনি জানান। ফেনী থানা ক্যাম্পাসে আয়োজিত জেলা পুলিশ সুপার হারুন উর রশিদ হাযারির সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ সংস্কার কর্মসূচির পরিচালক নববিক্রম কিশোর ত্রিপুরা ও ফেনী জেলা প্রশাসক মো. মাছুম খান। বক্তব্য রাখেন সংস্কার কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার হিউবার্ট স্টাবের হোফার, ফেনী পৌরসভার চেয়ারম্যান নুরুল আবসার, সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক নাহিদা সীমা চৌধুরী ও চেম্বার সভাপতি আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ফেনীর বহু লোক জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তাই ফেনীতে এসে ভালো লাগছে। তিনি বলেন, "দেশের মডেল থানাগুলো অন্যান্য থানার জন্য মডেল বা আদর্শ হবে। সাধারণ মানুষ যেন বলে- ফেনী থানা একটি আদর্শ থানা। তবেই এতো আয়োজন সফল হবে।" তিনি আরও বলেন, "পুলিশের বেতন ও সুবিধা বাড়াতে হবে। তবেই তারা আরও বেশি সেবা দেবে।" পরে তারা সোনাগাজী মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৬ ঘ.