২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার রিটের শুনানি একদিন মুলতবি

ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের শুনানি একদিনের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। মঙ্গলবার এর ওপর শুনানি আবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের শুনানি একদিনের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। মঙ্গলবার এর ওপর শুনানি আবার অনুষ্ঠিত হবে। সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ সোমবারের জন্য শুনানি মুলতবি করে। সকালে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ সময়ের আবেদন জানিয়ে বলেন, "এ মামলায় এমিকাস কিউরিরা যেসব যুক্তি উপস্থাপন করেছেন সরকার পক্ষ তার জবাব দেবে। এজন্য সময়ের প্রয়োজন।" শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "এ মামলার বিচার নিু আদালতে চলছে। এখানে সময় চাইতে হলে নিু আদালতের মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।" দুপুরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম মুলতবি হয়ে গেছে জানিয়ে ফের সময়ের আবেদন জানান। গত ৩১ জানুয়ারি হাইকোর্ট হাসিনার মামলাটি কেন জনগুরুত্বপূর্ণ- তার নথি সোমবার আদালতে উপস্থাপনের নির্দেশ দেয়। তবে সোমবার ওই বিষয়ক নথি আদালতে দাখিল করেনি সরকার পক্ষ। হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের জানান, সরকার পক্ষ সকালে সময়ের আবেদন জানলে আমরা বলেছি, নিু আদালতের বিচার মুলতবির মুচলেকা দিলে রিটের শুনানি মূলতবি হতে পারে। এরপর নিু আদালতে শুনানি মুলতবি হওয়ায় হাইকোর্ট রিটটির শুনানি একদিন মুলতবি করেছেন। মঙ্গলবার আবার শুনানি হবে। হাসিনার আরেক কৌসুলি ব্যারিস্টার ফজলে নূর তাপস অভিযোগ করেন, সরকার পক্ষ রিটের শুনানি মূলতবি করে কালক্ষেপনের প্রয়াস চালাচ্ছে। জরুরি বিধিমালায় মামলাটি জনগুরুত্বপূর্ণ কেন বিবেচনা করা হয়েছে তার কোনো নথি সরকার পক্ষ এখনো আদালতে জমা দিতে পারেনি। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই আটকের পর ওই দিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এতে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই হাইকোর্ট সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে রুল জারি করে। গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদালতে মামলাটির বিচার চলছে। মামলাটি বাতিলের জন্য গত ২৭ জানুয়ারি হাসিনা হাইকোর্টে আবেদনও করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৬২৭ঘ.