ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'পক্ষের আইনজীবীদের বিতণ্ডার মুখে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার বিচার কার্যক্রম সোমবার স্থগিত হয়ে যায়। শোরগোলের এক পর্যায়ে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক কোনো কথা না বলেই সংসদ ভবন এলাকার এজলাস ত্যাগ করেন।
এর কিছুক্ষণ পর আইনজীবী ও সাংবাদিকদের আদালতের পেশকার জানান, মঙ্গলবার সকালে আবার আদালত বসবে।
সকাল সাড়ে ৯ টায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নতুন করে আজম চৌধুরীর সাক্ষ্য নেওয়া শুরু করলে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। এরপরও সাক্ষ্য নেওয়া চলতে থাকলে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিচারকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতের উদ্দেশে বলেন, "আপনি শেষ তারিখে বাদীর সাক্ষ্য নেওয়া শেষ করে আমাদেরকে জেরা করতে বলেছিলেন। কিন্তু আপনি আজ আবার বলছেন, বাদীর সাক্ষ্য আরও হবে। এটা আপনি তাদের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সঙ্গে যোগসাজশে করেছেন। এভাবে ন্যায়বিচার হতে পারে না।"
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এরপরও সাক্ষ্য নেওয়া অব্যাহত রাখলে তুমুল হট্টেগোলের মধ্যে বিচারক সকাল সোয়া ১০টার দিকে এজলাস ছেড়ে চলে যান।
এ ঘটনায় উভয়পক্ষের আইনজীবীরা একে অপরকে দোষারোপ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম আরিফ টিপু বিষয়টিকে 'নজিরবিহীন' উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "কোনো কিছু না বলে বিচারকের এভাবে এজলাস ত্যাগের ঘটনা আর ঘটেনি।"
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামিম আহসান হাবিব এ ঘটনার জন্য আসামিপক্ষের আইনজীবীদের অভিযুক্ত করে বলেন, "বিচার কাজে বিলম্ব ঘটাতেই তারা এ কাজ করেছে।"
সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা ও শেখ সেলিমকে সংসদ ভবন এলাকায় মহানগর দায়রা জজের বিশেষ এজলাসে হাজির করা হয়।
বিচারক এজলাসে আসার পর আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বাদীকে জেরা করার জন্য আদালতের অনুমতি চান। কিন্তু রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি এ বি এম শরফুদ্দিন আহমেদ মুকুল বাদীর সাক্ষ্য নেওয়া শেষ হয়নি মন্তব্য করে আজম চৌধুরীর সাক্ষ্য নেওয়া শুরু করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, "বাদী ভুল করে মামলার এজাহার দাখিলের তারিখ ১৩ জুনের পরিবর্তে ১০ জুন উল্লেখ করেছিলেন। সেটা সংশোধন করে ১৩ জুন লিখতে হবে।"
আসামি পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করলে বিচারক বলেন, "এটা এখন আর সংশোধন করা যাবে না।"
এরপর রাশিয়ান কোম্পানি ও পিডিবির মধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত চুক্তির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাদীকে বলেন, "আপনি এ কোম্পানির স্থানীয় এজেন্ট।"
আজম চৌধুরী 'হ্যা' সূচক জবাব দিলে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, বাদী গত তারিখের সাক্ষ্যেই এটি বলেছেন, তাই নতুন করে আর বলার দরকার নেই।
নথি দেখে বিচারকও বিষয়টিতে সম্মতি দিলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুকুল হাতে থাকা ফাইল টেবিলে ছুড়ে ফেলে বলেন, "কেসই চালাব না।"
এ কথার পরপরই এজলাসের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, পিপির উদ্দেশ্য মহৎ নয়। তিনি আদলতকেও ধমক দিচ্ছেন।
এ নিয়ে দুপক্ষের বিতণ্ডার একপর্যায়ে বিচারক এজলাস ত্যাগ করেন।
এ সময় কাঠগড়ায় দাঁড়ানো শেখ হাসিনা বলেন, "পিপি যেখানে বিচারককে ধমক দিয়ে কথা বলেন, সেখানে ন্যায়বিচার কীভাবে হবে?"
বিচারক চলে যাওয়ার পর সকাল ১১টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা বাদীর সোমবারের সাক্ষ্য বাতিলের আবেদন জানিয়ে পেশকারের কাছে লিখিত দরখাস্ত দেন।
পেশকার তা নিতে অস্বীকার করলে শেখ হাসিনা বলেন, "দরখাস্ত না নেওয়া পর্যন্ত আমি আদালত ছেড়ে যাচ্ছি না।"
এর পর সেটি গ্রহণ করা হয়।
গত ৩০ জানুয়ারি আজম জে চৌধুরী তার সাক্ষ্যে আদালতকে বলেছিলেন, এ মামলার আসামিদের মধ্যে তিনি কেবল শেখ ফজলুল করিম সেলিমকেই চেনেন। শেখ হাসিনাসহ অন্যদের তিনি চেনেন না।
এছাড়াও ২৪ জানুয়ারি আজম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা করিনি। মামলা করেছি শেখ সেলিমের বিরুদ্ধে।"
হাইকোর্টের আদেশে এ মামলার বিচারকাজ ১২ দিন বন্ধ থাকার পর ৩০ জানুয়ারি আবার শুরু হয়। এর আগে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশটি গত ২৪ জানুয়ারি স্থগিত করে দেয় আপিল বিভাগ।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছর ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আসামি করে তিনজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/এসএনডি/এমএইচবি/১৯০১ ঘ.
bdnews24