ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন হয়েছে মন্তব্য করে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান একটি 'আনন্দমূখর' নির্বাচন দেখার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, নির্বাচনে যারাই জিতুক গণতান্ত্রিক উত্তরণের বিজয় ইতিমধ্যেই হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত এবং রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ায় যুক্ত অন্যতম এ উপদেষ্টা রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ অনুভূতি ব্যক্ত করেন।
হোসেন জিল্লুর এবারের প্রতিযোগিতামূলক ও সহনশীল নির্বাচনী প্রচারণাকে রাজনৈতিক ক্ষেত্রে গুণগত পরিবর্তনের 'সুস্পষ্ট প্রমাণ' আখ্যা দিয়ে বলেন, "সহিংসতা-বর্জিত নির্বাচনী প্রচারণা শেষে আমরা ২৯ ডিসেম্বর একটি আনন্দমূখর নির্বাচন দেখতে পারবো।"
নির্বাচনের পরের পরিস্থিতিও সহনশীল থাকবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
হোসেন জিল্লুর আরো বলেন, " নির্বাচনী প্রতিযোগিতা যাই হোক না কেন, একটি বিজয় নিয়ে আমরা গর্ব করতে পারি। সেটা হচ্ছে- জনগণের আকাঙ্খা পূরণ ও গণতান্ত্রিক উত্তরণের বিজয়।"
নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়টিকে 'প্রতিযোগী দলগুলোর বিষয়' বলে অভিহিত করে উপদেষ্টা বলেন, "আমরা ইতোমধ্যেই দুটি প্রধান দলের পক্ষ থেকে ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখেছি। আশা করি, তারা তা করবেন।"
তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে দুই নেত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আসলে সময়ের সমস্যায় পড়েছি। তাই দুই নেত্রীর সঙ্গে বসতে পারিনি। তারাও সময় দিতে পারেননি। তবে যোগাযোগ অব্যাহত রয়েছে, নির্বাচনের পরও আমরা তাদের সঙ্গে বসতে পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭৫৮ঘ.
bdnews24