২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৫ স্বতন্ত্র প্রার্থী কাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার

ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 04:28 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার আব্দুল কাদেরকে বহিষ্কার করা হয়। কাদের মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

ঢাকা-১৫ আসনে মহাজোটের প্রার্থী সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদার। আর চার দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান।

এ দু'জনের বাইরে আব্দুল কাদের এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন। ঢাকার ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার তিনি। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি প্রার্থী হন।

নির্বাচনী এলাকার বাসিন্দা কাদের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।

মহাজোট প্রার্থী সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার প্রধান প্রতিদ্বন্দ্বী চার দলীয় জোটের প্রার্থী এম হামিদুল্লাহ খান বীর প্রতীকের চেয়ে অনেক দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও কাদেরের কারণে কিছুটা সমস্যায় পড়েছেন। বিশেষ করে শ্যাওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার বেশ কিছু ভোট আব্দুল কাদের পাবেন বলে ধারণা করছেন এলাকাবাসী। আর তিনি যে ভোট পাবেন তার সিংহভাগই হবে আওয়ামী লীগের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৫৬ঘ.