২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় বিএনপির দুই নেতা আহত

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় জেলার বিএনপি নেতা রফিকুল ইসলাম মানিসহ (৫৫) দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় জেলার বিএনপি নেতা রফিকুল ইসলাম মানিসহ (৫৫) দুজন আহত হয়েছেন। আহত অপরজন হলেন- সদর উপজেলা যুবদল নেতা সোহেল আহমদ (৪০)। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাইফুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তারা হামলার শিকার হন। বিএনপি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। ঘটনার পর মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, রাজনগর এলাকার দলীয় নেতাকর্মীরা তাদের দেখতে হাসপাতালে ছুটে যান। রফিকুল ইসলাম মানি জোট সরকারের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ভাই এবং বিএনপির মৌলভীবাজার জেলা কমিটির সদস্য। মৌলভীবাজারে তিনি মানি মিয়া নামে পরিচিত। সাইফুর রহমান সিলেট ছাড়াও মৌলভীবাজার-৩ (সদর) আসনে চারদলীয় জোটে প্রার্থী। এ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের সৈয়দ মহসিন আলী। বিএনপির এ অভিযোগ অস্বীকার আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নেসার আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগে সন্ত্রাীদের দল নয়। মৌলভীবাজার আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী নেই। এটা তাদের (বিএনপির) ষড়যন্ত্র।" বিএনপির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সাইফুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বেগম খালেদা রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ভাই রফিকুল ইসলাম মানি নির্বাচনী প্রচারণা শেষে বাহারমর্দন গ্রামে ফিরছিলেন। পথে হিলালপুর এলাকায় ৭/৮ জন সন্ত্রাসী তার প্রাইভেট কারের গাতিরোধ করে এবং গাড়ি থেকে নামিয়ে মানিকে দা দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে সোহেল আহমদও আহত হন। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন মানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদলীয় জোট প্রার্থী এম সাইফুর রহমানের নিশ্চিত বিজয় দেখে সন্ত্রাসীরা আমার ওপর এ হামলা চালিয়েছে।" হাসপাতালেও নিরাপত্তার অভাব বোধ করে তিনি আবারও হামলার আশঙ্কা করছেন বলে জানান। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের সনাক্ত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে শহরের বেরীরপার এলাকায় সাইফুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন তীব্র নিন্দা করে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.