ঢাকা, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আজম জে চৌধুরীর করা আবেদন গত সাত দিনেও মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে দাবি করেছেন উপদেষ্টা এমএ মতিন।
রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা শুনেছি আজম জে চৌধুরী মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন করেছেন। কিন্ত এ সংক্রান্ত কোন কাগজপত্র এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি।"
নির্বাহী আদেশ দিয়ে আদালতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ফুপাতো ভাই সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের রিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাটি প্রত্যাহারের জন্য গত ১৪ ডিসেম্বর রোববার স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করেন ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
ওইদিন গুলশানে সংবাদ সম্মেলন করে আজম জে চৌধুরী এ সংক্রান্ত তথ্য দেন।
আবেদনে আজম জে চৌধুরী করেন, "২০০৭ সালের ১৩ জুন তারিখে তৎকালীন বিরাজমান পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে গুলশান থানায় শেখ ফজলুল করিম সেলিম এবং সন্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে তিনি বলেন, "বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। বাদি হিসেবে মামলাটি আমি আর চালাতে চাই না"।
তিনি বলেন, "এই মামলা রজু করার ঘটনাটি ছিল আমার জন্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। এ অবস্থায় সরকারের কাছে আবেদন এই যে, মামলাটি তুলে নেওয়ার জন্য নির্বাহী আদেশ দিয়ে আদালতের মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা করার মর্জি হয়।"
২০০৭ সালের ১৩ জুন গুলশান থানায় এই মামলাট দায়ের করেন ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। শেখ হাসিনা এবং শেখ ফজলুল সেলিমকে আসামী করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদীর কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪৫২ ঘ.
bdnews24