ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও মুক্তিযুদ্ধের বিজয়ের মুহূর্ত উদযাপন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।
মঙ্গলবার বিকাল ৪টা ৩১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন উড়িয়ে বিজয়ের সেই ক্ষণটি উদযাপন করা হয়। স্মৃতিচারণ করেন বিজয়ের সেই ক্ষণে উপস্থিত মুক্তিযুদ্ধের সমর নায়করা।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও গ্র"প থিয়েটার ফেডারেশনের কমীরা। আত্মসমর্পণের দৃশ্যেটি নাটকের মাধ্যমে ৩৭ বছর পর আবার ফিরিয়ে আনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে পাকিস্তানি বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) আত্মসমর্পণ করে।
মঙ্গলবারের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও 'এস' ফোর্সের প্রধান কেএম সফিউল্লাহ বলেন, "৫ ডিসেম্বর আগরতলা থেকে রওনা দিয়ে পায়ে হেঁটে ১৪ ডিসেম্বর ডেমরায় এসে পৌঁছাই। ১৬ ডিসেম্বর বিকাল ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরে (তেজগাঁও) পৌঁছি। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল নিয়াজি, রাও ফরমান আলী উপস্থিত ছিলেন। এরই মধ্যে এক ঝাঁক হেলিকপ্টার এসে নামে। হেলিকপ্টার থেকে ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরোসহ অন্যরা নেমে আসেন।"
মুক্তিবাহিনীর উপপ্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খোন্দকার বলেন, "কলকাতায় আমাকে জানানো হলো, বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যরা আমাকে খুঁজছেন। জেনারেল ওসমানী ১৩ ডিসেম্বর সিলেটে চলে যাওয়ার তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ১৬ ডিসেম্বর পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করবে। ওসমানী না থাকাতে আপনাকে উপস্থিত থাকতে হবে।"
তিনি বলেন, "আমরা কলকাতা থেকে ঢাকার ওপর দিয়ে উড়ে আগরতলায় গিয়ে নামি। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আসি।"
পাক বাহিনীর আত্মসমর্পণের সময় উপস্থিত একে খোন্দকার সেই বিকালের কথা তুলে ধরেন।
"আত্মসমর্পণ অনুষ্ঠান ছিল খুবই ছোট্ট। একটি টেবিল ও দুটি চেয়ার ছিল। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের পরপরই যৌথবাহিনী তাদের (পাকিস্তানি সেনা) নিরাপত্তার জন্য চারদিক থেকে ঘিরে ফেলে। নিয়াজি কম্পিত হাতে তার পিস্তল আরোরার হাতে তুলে দেন। অরোরাও পিস্তলটি নিলেন। এরপর স্রোতের মতো মানুষ আসতে থাকে।"
অনুষ্ঠান চলার সময় বেশ কিছু মানুষ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক 'নৌকা'র পক্ষে মিছিল করেন। বিকাল ৪টার দিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অনুষ্ঠানস্থলে আসেন।
তিনি ঢাকা-৮ আসনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৯১৫ ঘ.
bdnews24