ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার থেকে নির্বাচনী প্রচারে নামছেন। বুধবার যাবেন টুঙ্গীপাড়ায়।
আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম রোববার এ তথ্য জানিয়েছেন।
অসুস্থতার কারণে রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে অংশ নেননি শেখ হাসিনা। তবে পরে দুপুরের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সাংবাদিকদের বলেন, "আমাদের নেত্রী (হাসিনা) কাল (সোমবার) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।"
সোমবার রাজধানীর কারওয়ান বাজার, হাজারীবাগ, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, কাফরুল ও উত্তরায় নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
আশরাফুল বলেন, "বিজয় দিবসের পরদিন তিনি (হাসিনা) টুঙ্গীপাড়ায় যাবেন।"
গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী বরাবরের মতো এবারও সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে। টুঙ্গীপাড়া শেখ হাসিনার পৈত্রিক নিবাস।
এছাড়াও বাগেরহাট এবং রংপুরের একটি আসন থেকে ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। ১২ ডিসেম্বর সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এর পর শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পর খালেদা জিয়া রোববার খুলনার পথে রওনা হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24