২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ রক্ষার জন্য বিএনপিকে জয়যুক্ত করুন: খালেদা

শনিবার সন্ধ্যায় রাজধানীতে প্রথম নির্বাচনী সমাবেশে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার সন্ধ্যায় রাজধানীতে প্রথম নির্বাচনী সমাবেশে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত দুই বছরে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে অভিযোগ করে খালেদা ওই আহ্বান জানান। শুক্রবার সিলেটে তিন ইসলামপ্রচারক সুফির মাজার জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। এরপর শনিবার বিকেলে রাজধানীতে হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণার পর তিনি মোহাম্মদপুরেএক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়া। এই আসনে (ঢাকা- ১৩) বিএনপির প্রার্থী যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল। মোহাম্মদপুর টাউনহল বাজারে ফলপট্টির সামনের রাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন এরপর মোহাম্মদপুর আদাবরে আরেকটি জনসভায় বক্তব্য দেন। সেখান থেকে মীরপুর দারুসসালামে নির্বাচনী জনসভায় যান। এ আসনে (ঢাকা- ১৪) বিএনপির প্রার্থী হলেন এসএ খালেক। সমাবেশে খালেদা জিয়া বলেন, "গত দুই বছরে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। দেশকে অকার্যকর রাষ্ট্র করার সকল প্রচেষ্টা চালানো হয়েছিল। সেজন্য ২২ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি। এইজন্য ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ ছিল আতঙ্কে। " তিনি বলেন, "প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে জনকল্যাণের রাজনীতি করতে হবে।" খালেদা আবারও অভিযোগ করে বলেন, "আমাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। যার জন্য আমার দুই ছেলের ওপর নির্যাতন চালানো হয়েছিল। সপরিবারে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।" তিনি বলেন, ২৯ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে জয়ী হলে দেশকে রক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ স্থানীয় নেতারা। স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আতিকুল ইসলাম মতিন এ সমাবেশে সভাপতিত্ব করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছান। সন্ধ্যা ৭টার দিকে তিনি বক্তব্য দিয়ে পরবর্তী সমাবেশস্থলের দিকে রওনা দেন। এর আগে বিকেল ৪টা থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর 'নিরাপত্তার প্রয়োজনে' ওই এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। মোহাম্মদপুরের পর খালেদা জিয়ার রায়েরবাজার (মুক্তি সিনেমা হলের পাশে), আদাবর-রিংরোড, মাজার রোড, মীরপুর-১১ বাসস্ট্যান্ড, মীরপুর- ১০ বাসস্ট্যান্ড, রোকেয়া সরণি, তামান্না কমপ্লেক্স, উত্তরা- আজমপুর, খিলক্ষেত, রামপুরা বাজার, মধ্যবাড্ডা ও বনানী বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রায়েরবাজার ও বনানীসহ কয়েকটি স্থানে সভায় যোগ না দিয়ে রাত ১২ টার পর বাড্ডার সমাবেশের মাধ্যমে দিনের প্রচারণা কর্মসূচি শেষ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/০০২৫ ঘ.