পাবনা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজসাক্ষী হতে অস্বীকার করায় দুবার তাকে কারাগারে যেতে হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।
শুক্রবার বিকেলে চারদলীয় জোটের উদ্যোগে সাঁথিয়া উপজেলায় এক নির্বাচনী জনসভায় নিজামী এ কথা বলেন।
বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় তিনি দাবি করেন, "দুর্নীতি দমন কমিশনের আইনজীবীদের মাধ্যমে আমাকে বলা হয়েছিল, 'আপনারা তো কোন দুর্নীতি করেননি তবে কেন দুর্নীতিবাজদের সঙ্গে থাকবেন? গ্যাটকো মামলায় আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে রাজসাক্ষী হলে ওই মামলায় আপনাকে আসামি করা হবে না।' আমি তাদের প্রস্তাবে রাজি না হয়ে বলেছি-আসামি হতে রাজি আছি, কিন্তু মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না।"
এর আগে সকালে সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে বাবা-মা'র কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
শুক্রবার থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
জনসভায় নিজামী বলেন, "আওয়ামী লীগের আন্দোলনের ফসল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চারদলীয় ঐক্যজোটকে ভাঙতে এজেন্সি নিয়েছিল। এ জন্য তারা নানাভাবে চেষ্টা করেছে। কিন্তু শত চেষ্টার করেও তারা চারদলীয় জোটের ঐক্য ভাঙতে পারেনি।"
তিনি বলেন, "এই সরকারের আমলে ১৪ টাকার চাল ৪০ টাকা, ৭ টাকা কেজির সার ৭০ টাকায় এবং ৫০ টাকার সয়াবিন তেল ১৩০ টাকা লিটারে খেতে হয়েছে। যেহেতু আওয়ামী লীগ দাবি করেছে এই সরকার তাদের আন্দোলনের ফসল তাই এদের সকল কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আওয়ামী লীগের ওপর বর্তায়।"
আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে দাবি করে জামায়াত নেতা বলেন, "তাদের এ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব আমরা দিতে পারতাম। কিন্তু দিইনি। আগামী ২৯ ডিসেম্বরের নির্বাচনে চারদলীয় জোটকে বিপুল ভোটে বিজয়ী করে এদের শিক্ষা দিতে হবে।"
ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা এ কে এম রফিকুন্নবী, সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাজমুল বারী নাহিদ, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন, কৃষকদল নেতা আব্দুল মান্নান মানু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২০৪৯ঘ.
bdnews24