২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ইশতেহারে হরতাল বন্ধের কথা না থাকায় হতাশ ব্যবসায়ীরা

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় নিয়ে সন্তোষের কথা জানালেও এতে হরতাল বন্ধের বিষয়ে কোনও বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় নিয়ে সন্তোষের কথা জানালেও এতে হরতাল বন্ধের বিষয়ে কোনও বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের করা বিভিন্ন সুপারিশ ইশতেহারে স্থান পেয়েছে। এর পাশাপাশি হরতালের বিষয়টিও আসা উচিৎ ছিল। দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, দুর্নীতি নির্মূলসহ ২৩ দফা প্রতিশ্র"তি দিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার 'দিনবদলের সনদ' শুক্রবার ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগের ইশতেহার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবকাঠামো উন্নয়নসহ আমাদের চাওয়ার প্রায় সব কিছুই ইশতেহারে এসেছে। তবে হরতালের বিষয়টি আসেনি।" ইশতেহারে বলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের বিষয়টিও সুস্পষ্ট থাকা উচিত ছিল বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। তিনি প্রশ্ন রেখে বলেন, "এত উন্নয়নের অর্থ কোথা থেকে পাওয়া যাবে?" এফবিসিসিআই আগে থেকেই হরতাল বন্ধের সুপারিশ জানিয়ে আসছে। গত ১৫ নভেম্বর রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে হরতাল বন্ধে আইন প্রণয়নের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগেই আলোচনায় বসার আহ্বান জানানো হয়। হরতাল বন্ধের বিষয়টি ইশতেহারে থাকা উচিত ছিল বলে মনে করেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হকও। তিনি বলেন, "হরতাল-ভাংচুরে যে ক্ষতি হয়, এ থেকে আমরা কীভাবে মুক্ত হতে পারি, তা ইশতেহারে আসেনি।" তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সার্বিকভাবে ভালো বলে মনে করছেন ফজলুল হক। তিনি বলেন, "ইশতেহারে অর্থনৈতিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে রক্ষার যে অঙ্গীকার তা খুবই ভালো লেগেছে।" এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য আওয়ামী লীগের ইশতেহারের প্রশংসা করে বিকেএমইএ সভাপতি বলেন, "আমাদের এখানে স্বল্পমেয়াদি পরিকল্পনা করা হয়। উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা খুবই ভালো।" বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, "আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে, তা বাস্তবায়ন হলে আমরা সবাই উপকৃত হবো। তবে দেখার বিষয় এটা খালি কাগজেই থাকবে, না বাস্তবায়িত হবে।" তিনি বলেন, "ইশতেহারে রপ্তানি বহুমুখীকরণের কথা বলা হয়েছে। তবে এর চেয়েও ভালো হতো, বর্তমানে যে সব পণ্য রপ্তানি হচ্ছে তার উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হলে। সরকারের ছোট খাটো কিছু সহায়তা পেলেই রপ্তানি অনেক বেড়ে যাবে।" অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অর্থায়নের বিষয়টি আরও সুস্পষ্ট করা প্রয়োজন ছিল বলে বিজিএমইএ সভাপতির মত। তিনি বলেন, "এটা ঋণ নেওয়া টাকায়, নাকি বিওটি বেসিসে করা হবে সেটা দেখার বিষয়। তবে বিওটি বেসিসে করলে ভালো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০০০ ঘ.