২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২০ আসনে ১৮ জনের প্রার্থিতা প্রত্যাহার

ঢাকার ২০টি আসনে মোট ১৮ জন প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই হিসাব অনুযায়ী, ঢাকার আসনগুলোতে প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৪৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 06:52 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ২০টি আসনে মোট ১৮ জন প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই হিসাব অনুযায়ী, ঢাকার আসনগুলোতে প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৪৪ জন। বৃহস্পতিবার রাত ১০টায় প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় অতিক্রান্ত হওয়ার পর ঢাকার বিভাগীয় কমিশনার ও জেলা রিটার্নিং কর্মকর্তা আজিজ হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার ২০টি আসনে মোট ২০৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ৩ ও ৪ ডিসেম্বর যাচাই বাছাইয়ে ৫৬টি বাতিল করা হয়। পরে আপিল করে ১৫ জন প্রার্থিতা ফিরে পান। আর ১৮ জন মনোনয়ন প্রত্যাহার করায় ঢাকায় প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৪৪।" ঢাকায় প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- ঢাকা-৭ এ জাসদের হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা-৫ এ জাসদের শহীদুল ইসলাম, ঢাকা-১১ আসনে মুসলিম লীগের বেলাল উদ্দীন ভূঁইয়া, ঢাকা-৮ এ জাসদের জাহিদ হোসাইন, ঢাকা-৮ এ খেলাফত মজলিসের শেখ গোলাম আসগর, ঢাকা-৮ এ পিডিপি'র নুরুল আজহার, ঢাকা-৮ এ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনজুরুল আহসান খান, ঢাকা-৮ এ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর কাশেম আলী, ঢাকা-৮ এ জাতীয় জহিরুল আলম রুবেল, ঢাকা-১৩ আসনে জাসদের নাদের চৌধুরী, ঢাকা-১৬ আসনে জাসদের আসিফুর রহমান, ঢাকা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুজ্জামান, ঢাকা-১৫ আসনে জাসদের হারুন আল রশীদ, ঢাকা-১৫ আসনে জাসদের সাইফুল ইসলাম, ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজউদ্দীন আহমেদ, ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, ঢাকা-৯ এ জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন এবং ঢাকা-৪ এ জাতীয় পার্টির রফিকুল ইসলাম। প্রার্থিতা প্রত্যাহারতকারীদের মধ্যে জাসদের ৭ জন, জাতীয় পার্টির ৪ জন, স্বতন্ত্র ২ জন, সিপিবি, জামায়াত, খেলাফত মজলিস, মুসলিম লীগ ও পিডিপির ১ জন করে প্রার্থী রয়েছেন। এক প্রশ্নের জবাবে আজিজ হাসান বলেন, "নির্বাচন কমিশন সর্বশেষ নির্দেশনায় বলেছে, কোনো আসনে একই দলের দুইজন প্রার্থী থাকলে একজন দলীয় প্রতীক পাবেন। বাকি একজনের অবস্থান সম্পর্কে কোনও নির্দেশনা আমরা পাইনি।" কয়েকটি আসনে মহাজোটের শরীক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- উভয় দলের প্রার্থী রয়ে গেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, "বিষয়টি আমরা অফিসিয়ালি দেখছি না। কোনো আসনে দুই দলেরই প্রার্থী থাকলে আইনত তারা বৈধ প্রার্থী।" প্রার্থিতা প্রত্যাহারের কারণ জানতে চাইলে সম্পর্কে জাতীয় পর্টির জহিরুল আলম রুবেল সাংবাদিকদের বলেন, "মহাজোট ও দলের সিদ্ধান্তে আমি প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি। দলের চেয়ারম্যান ও মহাজোট নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই আমি এটা করছি।" রুবেল জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার পর জাতীয় পার্টি থেকে তাকে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বলা হয়। যেসব আসনে মহাজোটের শরীকরা মনোনয়ন পেয়েছেন সেসব আসনে দলের অন্যান্যদেরও প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০৪৫ ঘ.