ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হলে ধর্ম নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে (ব্লাসফেমি) এবং হরতালসহ রাজনৈতিক সংঘাত বন্ধে আইন করবে জাতীয় পার্টি। এছাড়া দেশকে আটটি প্রদেশে বিভক্ত করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সুন্দরবন হোটেলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার দলের নির্বাচনী ইস্তেহারে এ ঘোষণা দেন।
সকাল ১০টায় ইস্তেহার ঘোষণার কথা থাকলেও সংবাদ সম্মেলন শুরু হয় সোয়া ১১টার পর। ইস্তেহার পড়ে শোনানোর সময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
ইস্তেহারে বলা হয়, নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে রেশনিং চালু, নিবন্ধনকৃত অতিদরিদ্রদের মধ্যে বিনামূল্যে চাল, ডাল ও তেল বিতরণের ব্যবস্থা নেবে এরশাদের দল।
দেশকে আটটি প্রদেশে বিভক্ত করা হবে। প্রত্যেকটি প্রদেশে একটি প্রাদেশিক পরিষদ ও প্রাদেশিক মন্ত্রিসভা থাকবে। প্রাদেশিক সরকারই সংশ্লিষ্ট প্রদেশের উন্নয়নসহ সার্বিক শাসন কাজ দেখভাল করবে। স্থানীয় সমস্যার সমাধান স্থানীয়ভাবেই করা হবে। ঢাকা শহর থেকে কমপক্ষে ৫০ ভাগ সরকারি সদর দপ্তর অন্য জায়গায় স্থানান্তর করা হবে।
কয়লার বহুমুখী ব্যবহার নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার করা হবে। রূপপুরে পারমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম শুরু করা হবে। রাজধানীর জন্য আলাদা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।
ক্ষমতায় গেলে আল্লাহ, রাসুল ও শরিয়তের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির বিধান সম্বলিত আইন করবে জাতীয় পার্টি। আরবি ভাষায় শিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়া ছেলে-মেয়েদের উচ্চ মাধ্যমিকস্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সরকারি শিক্ষকদের সমতুল্য করা হবে। এমপিওভূক্ত শিক্ষকদের বেতন ৯০ ভাগ থেকে বাড়িয়ে একশ ভাগে উন্নীত করা হবে।
এরশাদ বলেন, 'জনসংখ্যা বিস্ফোরণ'কে এক নম্বর জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হবে। বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হবে। এক বা দু'সন্তানের পর স্থায়ী বন্ধাত্যকরণ পদ্ধতি গ্রহণ করলে তাদের এককালীন নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা হবে।
সাবেক এ রাষ্ট্রপতি জানান, তার দল ক্ষমতায় গেলে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিকে ১২০ দিনে উন্নীত করা হবে। অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের সব সদস্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। সরকারি জমি দীর্ঘ মেয়াদের জন্য ভূমিহীনদের বরাদ্দ দেওয়া হবে। রেশনিং ব্যবস্থা জোরদার করা হবে। কৃষি ব্যবস্থার উন্নয়নে গ্রামের দুস্থ মানুষ ও কৃষকদের সেবায় পল্লী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। ফসল ওঠার মৌসুমের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌসুমি ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে।
মঙ্গা আক্রান্ত ও অনুন্নত এলাকায় শিল্প স্থাপন করলে ১০ বছরের কর মওকুফ করা হবে। গার্মেন্টস শিল্পকে বড় বড় শহরের কাছে বিসিক শিল্প এলাকায় স্থানান্তরের জন্য সরকার বিশেষ সুবিধা দেবে। বেসরকারি পর্যায়ে বিশেষ শিল্প রপ্তানি এলাকা খোলার সুবিধা দেয়া হবে। ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য সমবায় ব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে 'পল্লী শিল্প ব্যাংক' স্থাপন করা হবে।
সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান ও পুলিশের জন্য প্রতি জেলায় গৃহায়ন প্রকল্প নেয়া হবে। আনসার ভিডিপির বেতন ও সুযোগ সুবিধা বাড়িয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়ন করা হবে।
ইস্তেহারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ফ্লাইওভার ও নতুন রাস্তা নির্মাণ এবং ঢাকাসহ দেশের জনবহুল শহরগুলোর যানজট নিরসনের ব্যবস্থা নেয়ারও প্রতিশ্র"তি দেয়া হয়।
এতে বলা হয়, ঢাকা থেকে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সরিয়ে পাগলায় একটি অত্যাধুনিক লঞ্চ টার্মিনাল স্থাপন করা হবে এবং কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হবে।
এরশাদ বলেন, তার দল মুক্তিযুদ্ধের সন্তানদের চাকরিতে অগ্রাধিকার দেবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের পেনশন সর্বশেষ মূল বেতনের সমান করা হবে। পাঁচ বছরের মধ্যে প্রত্যেক জেলা শহরে একটি করে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।
তিনি আরো প্রতিশ্র"তি দেন, "জাতীয় পার্টি নির্বাচিত হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করব। জাতীয় পার্টি মিথ্যা আশ্বাস দেয় না। প্রতিশ্র"তির বাস্তবায়নই আমাদের অঙ্গীকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/২০৪০ ঘ.
bdnews24