ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদের দিন বিকালে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করতে বনানী কবরস্তানে গিয়েছিলেন। শেখ হাসিনা বাদ আছর সেখানে যান এবং করব জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
১৯৭৫ এর ১৫ আগস্ট সেনাবাহিনীর একটি বিদ্রোহী দল বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও পরিবারের সদস্যদেরকে হত্যা করে। শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় দেশের বাইরে থাকায় এ হত্যাকাণ্ড থেকে বেঁচে যান।
এর আগে দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) উর্ধ্বতন কর্মকর্তারা সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ এবং পিজিআর কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আলী মর্তুজা খানের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা ড. আওলাদ হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা মেজর ইকবাল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/
bdnews24