২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার করতে দুই দিন সময় দিয়েছে চারদল

জরুরি অবস্থা প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১(ই) ধারা স্থগিত করতে সরকারকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে চারদল। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চার দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলায়ার হোসেন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১(ই) ধারা স্থগিত করতে সরকারকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে চারদল। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চার দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলায়ার হোসেন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "নির্বাচনে যাওয়ার ব্যাপারে জরুরি অবস্থা তুলে নেওয়া ও গণপ্রতিনিধিত্ব অধ্যদেশের ৯১(ই) ধারা স্থগিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে বুধবারের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দেয়ার বিনীত অনুরোধ করছি। নইলে আমরা পরবর্তী সিন্ধান্ত নিতে বাধ্য হবো।" তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চারদলীয় জোটের শীর্ষ নেতাদের এ বৈঠকটি মুলতবি করা হয়েছে। একঘণ্টার বৈঠক শেষে দেলোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিএনপিসহ চারদল একটি নির্বাচনমুখী জোট। আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ইতোমধ্যে সরকারের কাছে দুদফা দাবি দিয়েছি। কিন্তু অদ্যাবধি এ বিষয়ে তারা কোনো কিছুই জানায়নি।" তিনি বলেন, "কবে, কখন জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে তা সরকারেকে ১০ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। আমরা বারবার বলে এসেছি, জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আমাদের এই দাবি সরকার মেনে নেবে এটাই আমরা প্রত্যাশা করি। অন্যথায় আমরা মনে করবো সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আন্তরিকতা দেখাচ্ছে না। আমার চাই, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে সরকার সহায়ক ভূমিকা রাখবে এবং চারদলকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেবে।" এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে বিএনপির কোনো ঝামেলা নেই। আগামী ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন।" দলীয় চেয়ারপার্সান খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/২১২০ ঘ.