২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রধান ও ইসির বক্তব্যে দেলোয়ার সন্দিগ্ধ

নির্বাচনের আগে সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সেনা প্রধানের দু' রকম বক্তব্যে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলেয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনের আগে সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সেনা প্রধানের দু' রকম বক্তব্যে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলেয়ার হোসেন। সোমবার দুপুরে তিনি বলেছেন, "একদিকে নির্বাচন কমিশন বলছে ২৪ তারিখে সেনাবাহিনী মোতায়েন করা হবে। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান ২০ ডিসেম্বর সেনা মোতায়েনের কথা বলেছেন। এ রকম বক্তব্যে নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।" রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সোমবার দুপুরে চারদলীয় নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন," সোমবার সন্ধ্যা সাতটায় দলের চেয়ারপারসনের কার্যালয়ে চারদলীয় শীর্ষ নেতাদের বৈঠকে জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে।" দেলোয়ার বলেন, " চারদল নির্বাচনে যেতে চায়। এ লক্ষ্যে আগামী ১১ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জরুরি অবস্থা পূর্ণাঙ্গ প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ই ধারা স্থগিত অথবা বাতিল করতে হবে। এ ব্যাপারে আজই সুষ্পষ্ট ঘোষণা চাই। কারণ এ দু'টি দাবি বাস্তবায়নের সাপেক্ষেই চারদল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" ২০ ডিসেম্বর সেনা মোতায়েন সম্পর্কে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। দেলোয়ার বলেন, " সেনাবাহিনী নির্বাচনে স্ট্যান্ডবাই হিসাবে কাজ করবে। নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে। কিন্তু আগেভাগেই সেনা মোতায়নের কথা বলায় নির্বাচন নিয়েও জনমনে শংকা ও সন্দেহের সৃষ্টি হয়েছে।" এর আগে দেলোয়ারের সভাপতিত্বে চারদলের বৈঠকে মনোনয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এটি এম আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামি, মহানগর সভাপতি আবুল কাশেম, বিএনপির দপ্তর সম্পাদক রিজভি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/জিএনএ/১৫৫১ ঘ.