ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সঙ্গে দেখা করে একদল ব্যবসায়ী তাদের প্রস্তাবের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অর্ন্তভূক্ত করার আহবান জানিয়েছে।
সোমবার সুধা সদনে হাসিনার সঙ্গে দেখা করার পর এফবিসিসিআই সভাপতি আনিসুল হক সাংবাদিকদের বলেন, "আমরা চাই আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন আওয়ামী লীগের ইশতেহারে স্থান পায়।"
আনিস জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের বিষয়গুলো যেন স্থান পায় সে জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাতে সুধা সদনে গিয়েছিল তারা।
নির্বাচনের আগেই দেশের সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বড় ধরনের একটি সম্মেলন করার পরিকল্পনা রয়েছে এফবিসিসিআই এর।
আনিস জানান, আগামীতে ব্যবসায়ীদের সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেই তারা এসেছিলেন। শেখ হাসিনা এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলেন সম্মতি দিয়েছেন।
সাংবাদিকরা এ সময় তার কাছে জানতে চান, সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাবেন কি-না? জবাবে আনিসুল হক বলেন, "আমরা আওয়ামী লীগ সভানেত্রীকেই আমন্ত্রণ জানাতে এসেছিলাম।"
পরে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফূল ইসলাম সাংবাদিকদের জানান, ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত হতে শেখ হাসিনা নীতিগতভাবে রাজি হয়েছেন।
আশরাফ বলেন, "ব্যবসায়ীরা আমাদের নেত্রীকে নিয়েই সম্মেলনটা করতে চান।"
সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ব্যবসায়ীরা সুধা সদনে ছিলেন।
দুই নেত্রীকে এক টেবিলে আলোচনায় বসানোর অন্যতম উদ্যোগী আনিসুল হককে বিষয়টি নিয়ে হাসিনার সঙ্গে কথা হয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, "এই বিষয়ে আলোচনা হয়নি।"
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৫৩৪ ঘ.
bdnews24