২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিধিভঙ্গ: থালা, বাটি, কম্বলের কক্ষে ফালু

কারাবন্দি অবস্থায় হাসপাতালে 'গোপন বৈঠক' করায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুকে সাধারণ কারাকক্ষে পাঠিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে কারারক্ষী মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি অবস্থায় হাসপাতালে 'গোপন বৈঠক' করায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুকে সাধারণ কারাকক্ষে পাঠিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে কারারক্ষী মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার কাশিমপুর কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ফালু সেখানকার একটি কক্ষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মুফতি শহীদুল ইসলামের সঙ্গে প্রায় এক ঘণ্টা একান্ত বৈঠক করেন। বিষয়টি নিয়ে রোববার বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় কাশিমপুর-১ কারাগারের কারারক্ষী মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর কারাবিধি ভঙ্গ করায় মোসাদ্দেক আলী ফালুকে সাধারণ সেলে পাঠানো হয়েছে।" এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ফালুকে লালমনিরহাট কারাগারে স্থানান্তর করা হয়েছিল। পরে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। কাশিমপুর কারা কর্তৃপক্ষ শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফালুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা শেষে ফালু শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম তালুকদারের কক্ষে গিয়ে সাবেক সাংসদ মুফতি শহীদুলের সঙ্গে বৈঠক করেন। মেজর ছিদ্দিকী জানান, সাধারণ কারাকক্ষে মোসাদ্দেক আলী ফালুর জন্য একটি করে থালা, মগ ও বাটি, তিনটি কম্বল এবং দুইপ্রস্থ পোশাক দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২১৫৫ঘ.