ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান একে খন্দকারের প্রার্থিতা বাতিল ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন তার সহযোগীরা।
রোববার এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতা সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ বলেন, "একে খন্দকারের মনোনয়ন বাতিলের পেছনে কিছু ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে।"
তিনি বলেন, "আমরা সেক্টর কমান্ডারস ফোরাম যুদ্ধাপরাধীর বিচারের দাবি নিয়ে মাঠে নেমেছি। সেজন্য এ ফোরামের চেয়ারম্যানকে দেশের মানুষের কাছে হেয় বা ছোট করতে একটি মিথ্যা অভিযোগ দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।"
মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক একে খন্দকার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছেন। একে খন্দকার এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান দাবি করেন, তিনি ঋণ খেলাপি নন।
একে খন্দকার বলেন, "আমার বিরুদ্ধে আইএফআইসি'র দায়ের করা ঋণ খেলাপির মামলাটি আইন বহির্ভূত ও পক্ষপাতমূলক। ব্যাংকটি তাদের খেয়াল-খুশি মতো কোম্পানির অন্য পরিচালকদের নেওয়া ঋণের অংশ আমার ওপর চাপিয়ে দিতে পারে না। আইএফআইসি ব্যাংক থেকে কোনও ঋণ আমি নেইনি।"
তিনি বলেন, "আমার বিরুদ্ধে ঋণ খেলাপের মামলা করার আইনগত ভিত্তি ওই ব্যাংকটির নেই। এটা ব্যাংকিং কোম্পানি আইন-১৯৯১ এর পরিপন্থী। তাছাড়া প্রথম খেকে শেষ পর্যন্ত আমাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। যে কারণে আমি আমার স্বার্থ রক্ষায় কোনও পদক্ষেপ আগে নিতে পারিনি।"
এয়ার পারাবতের চেয়ারম্যান হিসেবে ঋণ খেলাপের মামলায় পড়েছেন একে খন্দকার। তবে তিনি জানান, ১৯৯৮ সালে এয়ার পারাবতের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার আর কোনও সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ বলেন, "ঋণ খেলাপি নন- এমন ব্যক্তিকে হেনস্তা করা হয়েছে; যা আমাকে পীড়া দিয়েছে। ঋণ খেলাপি আইনের ৫ (গ) ধারায় এ রকম মামলা হতে পারে না। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো উচিৎ বলে আমি মনে করি।"
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্ত ও আবু ওসমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪২ ঘ.
bdnews24