ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার বললেন, "একটি দল স্বৈরাচারের সঙ্গে আতাঁত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।"
স্বৈরাচারের সঙ্গে এই 'আতাঁতকারীরা' ক্ষমতায় গেলে মানুষের কোনো লাভ হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব আসন্ন নির্বাচনে তাদের জোটের ব্যাপারে সতর্ক থাকার আহবানও জানান।
হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে 'স্বৈরাচার পতন' দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবারও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জরুরি অবস্থা পূর্ণাঙ্গভাবে তুলে নেওয়ার দাবি জানান।
সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের 'স্বৈরাচারী' সরকারের পতন দিবস শনিবার। গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটে।
রাজনৈতিক দলগুলো প্রতিবছর এ দিনটিকে পালন করে গণতন্ত্রের নতুন অভিযাত্রার দিন হিসেবে। বিএনপি দিনটি পালন করে 'গণতন্ত্র' দিবস হিসেবে এবং আওয়ামী লীগ 'গণতন্ত্র মুক্তি' দিবস হিসেবে। এবছর তারা দিনটি পালন করে 'স্বৈরাচার পতন' দিবস নাম দিয়ে।
দেলোয়ার আসন্ন নির্বাচনে চার দলীয় ঐক্যজোটের অংশ গ্রহণের পূর্বশর্ত জরুরি অবস্থা প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেন,'' আমরা নির্বাচনের পথে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়ে সরকার আমাদের কথা রাখেনি।"
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন,''৭৫ এর ২০ জানুয়ারি বাকশাল কায়েম করে আওয়ামী লীগ স্বৈরশাসন হিসেবে চেপে বসেছিল। একইভাবে রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সরিয়ে স্বৈরাচার এরশাদও দেশে গণতন্ত্রকে বিনষ্ট করেছিল।..আজ সেই দুই স্বৈরাচার এক হয়েছে। আসন্ন নির্বাচনে এদের পরাজিত করতে হবে।''
১৯৯০ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এরশাদ ক্রমশ আবার রাজনীতিতে 'পুনর্বাসিত' হয়েছেন এবং তার বিরুদ্ধে একসময় আন্দোলনকারী প্রধান দুই দলই পরে বিভিন্ন সময় তার সঙ্গে ঘনিষ্ঠতার উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৮ঘ.
bdnews24