২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার আশু প্রত্যাহার চান মানবাধিকার কমিশন চেয়ারম্যান

জরুরি অবস্থা আশু প্রত্যাহার চান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা আশু প্রত্যাহার চান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী। তিনি শনিবার বলেছেন, "জরুরি অবস্থায় কিছু মানবাধিকার লঙ্ঘিত হয়। তাই যত তাতাতাড়ি জরুরি অবস্থা উঠে যায়, ততই ভালো।" গুলশানের একটি হোটেলে মানবাধিকার বিষয়ক এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি আমিরুল কবীর একথা বলেন। দেশে মানবাধিকার রক্ষায় মানবাধিকার কমিশন সক্রিয় থাকবে বলে জানান তিনি। সদ্য গঠিত এ কমিশনের চেয়ারম্যান বলেন, " আমি আগেও বলেছি, এখনও বলছি- বর্তমান কমিশন স্বাধীনভাবে কাজ করবে। পরাধীন হওয়ার প্রশ্নই উঠে না। এই কমিশন টুথলেসও (নখদন্তহীন) হবে না।" কমিশনের বিধিমালা তৈরিতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিচারপতি আমিরুল। কমিশনের কাজে সহায়তার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি। 'মানবাধিকার রক্ষার জন্য জাতীয় ও আঞ্চলিক প্রতিষ্ঠান: বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ" শীর্ষক ওই সংলাপ যৌথভাবে আয়োজন করে দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্ট্যাডিজ (সেইলস) ও ফ্রান্স দূতাবাস। ড. শামসুল বারী সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন সেইলসের চেয়ারপারসন ড. কামাল হোসেন, ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লে কোজেরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ, আইনজীবি ড. শিরীন শারমিন, ফস্টিনা পেরেইরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল ফারুক, ফ্রান্সের মানবাধিকার কমিশনের কর্মকর্তা নোয়াম বিয়ানভেনু, সেইলসের পরিচালক ড. শরীফ ভূইয়া প্রমুখ। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০০৭ সালের জানুয়ারি মাসে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। এর পর বিভিন্ন সময়ে এটি শিথিল করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হবে বলে সরকারের কাছ থেকে প্রতিশ্র"তি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৬২৩ ঘ.