ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সব আসনে বামপন্থী দলের প্রার্থী নেই, সে সব এলাকার ভোটারদের 'না' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট কিংবা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে ভোট না দেওয়ার আহ্বানও জানায় তারা।
শনিবার বাম মোর্চার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
মোর্চার সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, "আমরা সংসদ নির্বাচনের পাশাপাশি উপজেলা নির্বাচনেও অংশ নেব। তবে যে জায়গায় বাম মোর্চার প্রার্থী নেই, সেখানে জোট-মহাজোটের বাইরে অপর কোনও বামপন্থী দলের প্রার্থী থাকলে তাকে ভোট দিন। তাও না থাকলে 'না' ভোট দিন।"
এবারই প্রথম বাংলাদেশে 'না' ভোটের পদ্ধতি চালু হচ্ছে। ব্যালট পেপারে 'না' একটি ঘর থাকবে। গৃহিত ভোটের কমপক্ষে ৫০ শতাংশ 'না' ভোট হলে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচন হবে।
নজরুল ইসলাম চারদলীয় জোট ও মহাজোটের বাইরে বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।
বাম মোর্চা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের গত দুই বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, "সরকারের কথিত রাজনীতির গুণগত উত্তরণ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ঘোষণা বাস্তবে বিগত দ্বি-দলীয় মেরুকরণের অধঃপতিত বুর্জোয়া রাজনীতির ধারাবাহিকতা।"
"একইভাবে নির্বাচনে আইনি বেড়াজালে দুর্নীতিবাজ ও ঋণখেলাপিরা অংশ নেওয়ার বিষয়টিকেও উদ্বেগজনক।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আব্দুস সালাম, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24