ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা শেষে শনিবার নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করবে আওয়ামী লীগ। আগামী ১২ ডিসেম্বর হোটেল শেরাটনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করবেন। শরিক দলগুলোর ইশতেহারের মূল বক্তব্য নিয়ে মহাজোটের পক্ষ থেকে আলাদা একটি 'অ্যাকশন প্ল্যান' পরে ঘোষণা করা হবে।
শুক্রবার রাতে কার্যনির্বাহী সংসদের বৈঠক আর এক দফা মুলতবী হওয়ার পর আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আশরাফুল বলেন, "আজ দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। আগামীকাল আবার আলোচনা করে ইশতেহার চূড়ান্ত করা হবে। ১২ ডিসেম্বর হোটেল শেরাটনে আমাদের সভানেত্রী আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করবেন।"
আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের ইশতেহারে দ্রব্যমূল্য কমানো, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো ও কৃষির জন্য ভর্তুকি ইত্যাদি বিষয় থাকতে পারে।
সকাল সোয়া ১১টার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। গণতন্ত্রী পার্টির সদ্যপ্রয়াত সভাপতি নুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ পর বৈঠক মূলতবি করা হয়। এ বৈঠক আবার শুরু হয় বিকাল ৪টায়, চলে সাড়ে ৯টা পর্যন্ত।
পরে আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল সাংবাদিকদের জানান, বৈঠক আগামীকাল (শনিবার) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শনিবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হলেও শরিক দলগুলোর ইশতেহারের পয়েন্ট নিয়ে মহাজোটের পক্ষ থেকে একটি 'অ্যাকশন প্ল্যান' তৈরি করা হবে। এটি পরে ঘোষণা করা হবে।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৭টি আসনে আওয়ামী লীগের কোনো বৈধ প্রার্থী না থাকার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দলটির মুখপাত্র বলেন, "এটি সাময়িক বাতিল। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা কমিশনে আপিল করতে পারবেন। এ ব্যাপারে শুনানি হবে। শুনানি শেষ হলেই বলা যাবে- কতোজনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়েছে।"
আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র অন্যায়ভাবে বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মহাজোট থেকে জাতীয় পার্টিকে সত্যিই ৫০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে কি- না জানতে চাইলে
আশরাফুল বলেন- "এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। আসন ভাগাভাগির ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।"
শুক্রবার এরশাদের প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ৫০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৭টি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের একটি তালিকাও দেওয়া হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে আশরাফুল বলেন, "এটি জাতীয় পার্টির নিজস্ব ব্যাপার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/এসকে/২৩০২ঘ.
bdnews24