ফেনী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ইকবাল সোবহান চৌধুরীর মনোনয়ন বাতিল হওয়ায় ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে ফেনী শহরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জেলা আওয়ামী লীগ নেতারা এ দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি করিম উল্যাহ, সাধারণ সম্পাদক নুর হোসেন, পৌর কমিটির সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, যুবলীগ আহ্বায়ক আজহারুল হক আরজু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুসেন শীল।
তারা অভিযোগ করেন, বিশেষ মহলের ইঙ্গিতে ইকবাল সোবহানের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক নিরপেক্ষ নন বলেও তারা দাবি করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক সাইফুল্লাহ মকবুল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঋণ খেলাপী হওয়ায় ইকবাল সোবহানের মনোনয়ন বাতিল হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24