ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টি ৪৭ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়। মহাজোট থেকে জাতীয় পার্টি ৫০ আসন পেয়েছে। এর মধ্যে শুক্রবার ৪৭টি আসনের নামের তালিকা প্রকাশ করল দলটি।
মহাজোটের মনোনীত প্রার্থীদের মধ্যে আছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর-৩ , কুৃড়িগ্রাম-২ ও ঢাকা-১৭, বেগম রওশন এরশাদ গাইবান্ধা-৫, সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ কুমিল্লা-১১, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৪, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বরিশাল-৬, জিএম কাদের লালমিরহাট-৩, জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম-৫, ফকির আশরাফ নেত্রকোনা-২, নাসিম ওসমান নারায়ণগঞ্জ -৫ প্রমুখ রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপর তিন আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের সাথে আলোচনা শেষে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে কোনো প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই বা অন্য কোনো কারণে বাদ পড়লে জোটের শরিক দলের প্রার্থী সেই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৩ঘ.
bdnews24