ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র হিসেবে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দায়িত্ব পালনে বিরত রাখার সরকারি সিদ্ধান্তে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে কেন মেয়র মহিউদ্দিনকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছে আদালত। এছাড়া ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এম মঞ্জুর আলমকে দায়িত্ব পালনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তারও কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ১৩ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় মহিউদ্দীন চৌধুরীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ জারি করে এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মঞ্জুর আলমকে দায়িত্ব চালিয়ে নিতে বলে।
আদালতের আদেশের পর মহিউদ্দিনের আইনজীবী হরিসাধন দেব ব্রহ্ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিউদ্দিন চৌধুরীকে মেয়রের দায়িত্ব পালন করতে দেওয়ার ব্যাপারে কোনো আইনি বাধা নেই।
মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম ও অ্যাডভোকেট হরিসাধন দেব ব্রহ্ম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেবিএম হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২৩৩৯ঘ.
bdnews24