চট্টগ্রাম, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন যাচাই বাছাই শেষে চট্টগ্রামে বিএনপির দুই সাবেক সাংসদসহ জাতীয় পার্টি, এলডিপি, অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম-৫ (রাউজান) ও চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে বিএনপি মনোনীত আর কোন দলীয় প্রার্থী নেই।
চট্টগ্রামের ১৬ আসনে ১৩৬ জন প্রার্থী মোট ১৪১টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে দুই রিটানিং কর্মকর্তা বৃহস্পতিবার ১০৮টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী দুটিতে এবং এলডিপি সভাপতি কর্নেল (অব) অলি আহমদ তিনটি আসনে প্রার্থী হয়েছেন।
ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৫ (রাউজান) আসনে বিএনপির একক প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল করা হয়। অন্যদিকে, চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা ও বিএনপিতে নতুন যোগদানকারী ব্যবসায়ী মোস্তফা কামাল পাশা বাবুলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপি নেতা নুরুল মোস্তফা স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাপ করার কারণে তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টি নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিম, চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে এলডিপি নেতা এম এয়াকুব আলী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা জেড এ খান, চট্টগ্রাম-১৪(সাতকানিয়া) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র জাফর আহমদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী এবং দল নিবন্ধিত না হওয়ায় নেজামে ইসলামী পার্টির সভাপতি ইজহারুল ইসলাম চৌধুরী (মুফতি ইজাহার)।
অন্যদিকে, দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) আসনে বিএনপি সাবেক হুইপ ওয়াহিদুল আলমকে বেছে নেওয়ায় অন্যপ্রার্থী এস এম ফজলুল হকের মনোনয়ন বাতিল, চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সভাপতি এম এ লতিফকে বেছে নেওয়ায় খোরশেদ আলম সুজনের মনোনয়ন বাতিল, চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে জাতীয় পার্টি সিরাজুল ইসলাম চৌধুরীকে বেছে নেওয়ায় শামসুল আলম মাস্টারের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং চট্টগ্রাম -১৩ (চন্দনাইশ) আসনে এলডিপি দলীয় সভাপতি কর্নেল অলি আহমদকে বেছে নেওয়ায় তার ছেলে ওমর ফারুকের মনোনয়ন নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যায়।
অন্য যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ঋণ খেলাপি হওয়ার কারণে জাসদের মোহাম্মদ খালেদ, এক শতাংশ সমর্থকের সাক্ষর দিতে না পারায় স্বতন্ত্র রেজাউল করিম চৌধুরী, জাহাঙ্গীর আলম দস্তগীর ও মো. শাহ আলম, চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) আসনে জাতীয় পার্টির দিদারুল কবির, পিডিপি প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী এবং স্বতন্ত্র শচীন্দ্র লাল দে, সৈয়দ সাজ্জাদ দোহা ও মোহাম্মদ আলী তালুকদার, চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে ন্যাপের আলী আহমদ নাজির, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এনামুল হক এনাম ও স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ দোহা, চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে ইসলামি ফ্রন্ট বাংলাদেশের হাসমত আলী, ন্যাপের আলী নেওয়াজ খান ও স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ দোহা, চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে ঋণ খেলাপ করার কারণে এনপিপির মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) স্বতন্ত্র আবুল মোজাফফর, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) স্বতন্ত্র আব্দুল আলীম নিজামী, চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) স্বতন্ত্র জহির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এসকে/২৩০২ঘ.
bdnews24