২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন 'নিরপেক্ষ' হলে ফল মানতে আপত্তি নেই আ. লীগের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ ফলাফল মেনে নেবেন জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ ফলাফল মেনে নেবেন জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরী বলেন, "নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল যাই হোক আমরা মানতে রাজী আছি।" আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে যুবমহিলা লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এ কথা বলেন। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আওয়ামী লীগ সুশাসন নিশ্চিত করবে বলে প্রতিশ্র"তি নিয়েছেন সাবেক এই কৃষি মন্ত্রী। নির্বাচনে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষকে ফলাফল মেনে নেওয়ার জন্য মার্কিন সিনেটর জন ম্যাককেইনের বক্তব্য প্রসঙ্গে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মতিয়া বলেন, "তাদের (আমেরিকায়) দেশে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন হলে কেউই ফলাফল মানতে আপত্তি করবে না। তবে, অ্যাল গোরকে কিভাবে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিলো তাও মনে রাখতে হবে।" আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে তাদের নির্বাচনী ইশতেহার অনুমোদন করা হবে। এখন ইশতেহারের সংশোধন ও সংযোজন চলছে। সুবিধা মতে সময় এই ইশতেহার প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৫৩৩ ঘ.