ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমাকে (ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্স) নবম সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন।
ফেমা সভাপতি ফিরোজ এম হাসানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সঙ্গে সম্পৃক্ততার কারণে এ পদক্ষেপ নিয়েছে কমিশন।
ফিরোজ এম হাসান ফেমা থেকে সরে গেলে পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে কমিশন।
২৪ নভেম্বর ফেমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের শুনানি শেষে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বৃস্পতিবার এ তথ্য জানিয়েছেন ।
আসাদুজ্জামান জানান, ফেমাকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তিনি বলেন, "সিইসি ও দুই নির্বাচন কমিশনার ২২টি পর্যবেক্ষণ সংস্থার বিরুদ্ধে আনীত অভিযোগ শোনেন ২৩ ও ২৪ নভেম্বর।"
আসাদুজ্জামান বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি ২০টি পর্যবেক্ষণ সংস্থার বিরুদ্ধে দলীয় সম্পৃক্ততার অভিযোগ আনে। এছাড়া, ব্যক্তিগত পর্যায়ে আরও দুটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।"
তিনি বলেন, "শুনানি শেষে ২২টি সংস্থার মধ্যে ২১টি সংস্থার অভিযোগ খারিজ করে দেয় কমিশন। ফেমার প্রধান রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি।"
আসাদুজ্জামান জানান, এবার ৩১৯টি পর্যবেক্ষণ সংস্থা আবেদন করেছিল। এর মধ্যে ১৩৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
তিনি বলেন, "৬ ডিসেম্বরের মধ্যে ফিরোজ এম হাসান ফেমা থেকে পদত্যাগ করে ইসিকে জানালে সংস্থাটি পর্যবেক্ষণের অনুমতি পাবে। কারণ, নির্বাচনে পর্যবেক্ষণ সংস্থা মোতায়েনের বিষয়ে কমিশন ওইদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
কমিশনের সিদ্ধান্তে বলা হয়, "ফিরোজ এম হাসান এলডিপি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেন এবং দলটির যুগ্ম-মহাসচিব পদে আসীন হন। পরে ২০০৭ সালের জুনে তিনি এলডিপি থেকে পদত্যাগ করেন এবং ২০০৮ সালের আগস্টে পুনরায় ফেমার সভাপতি হিসেবে নির্বাচিত হন।
জনাব হাসানের একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১সি(১) বিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হইয়া থাকিলে ওই সংস্থাকে কমিশন পর্যবেক্ষণের অনুমতি দিতে পারবে না। এ কারণে নির্বাচন পর্যবেক্ষণ কাজে ফেমাকে অনুমতি দেওয়া যাইবে না।"
আসাদুজ্জামান জানান, ১৯৯৬ সাল থেকে ফেমা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে।
তিনি বলেন, "ফেমা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে পথিকৃত (পাইওনিয়ার ) সংস্থা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৪৩০ ঘ.
bdnews24