২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রী পার্টির সভাপতির বাসায় আগুন, ছেলে নিহত

রাজধানীর লালমাটিয়াতে মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছেন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী নূরুল ইসলামের ছেলে তমহর ইসলাম (৩৬)। একই ঘটনায় নুরুল ইসলামও দগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 06:03 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর লালমাটিয়াতে মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছেন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী নূরুল ইসলামের ছেলে তমহর ইসলাম (৩৬)। একই ঘটনায় নুরুল ইসলামও দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "১৪ দলে মনোনয়ন পাওয়ার পর নির্বাচন না করার জন্য তাকে এবং তার ছেলেকে মৌলবাদীরা নানাভাবে হুমকি দিয়ে আসছিল।" ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি নুরুল ইসলাম নোয়াখালী-১ (চাটখিল) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছকে। তবে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার পর মহাজোট থেকে নূরুল ইসলামকে ওই আসনে প্রার্থী করার কথা রয়েছে বলে গণতন্ত্রী পার্টির নেতারা জানিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে নূরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। গণতন্ত্রী পার্টির সভাপতি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। নোয়াখালী-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তারেক রহমানের অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালমাটিয়া বি ব্লকের একটি ভবনে ৫ তলার ৪/১ নম্বর ফ্লাটে আগুন লাগলে তমহর ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং তার বাবা নূরুল ইসলাম (৬৮) দগ্ধ হন। ঘটনার সময় পিতা-পুত্র ছাড়া বাসায় আর কেউ ছিল না। নূরুল ইসলামের স্ত্রী কবি রুবী রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ৯ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা। বাড়ির ছয় তলা ফ্লাটের বাসিন্দা বিবিএর ছাত্র হাসিবুল হাসানের বরাত দিয়ে কামরুজ্জামান বলেন, "হাসিবুল হাসান তার কক্ষে অপর দুই বন্ধুকে নিয়ে কম্পিউটারে কাজ করছিল। রাত ৩টার দিকে তারা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনে। পরে তারা শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে তাদের কক্ষেও একটি জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এ অবস্থায় তাদের একজন নিচে ৫ তলা নেমে এসে দেখে ৪/১ ফ্লাটের দরজা দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে এবং একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। এসময় তারা বন্ধুরা মিলে দরজা ভেঙ্গে ফেলে এবং দরজার কাছ থেকে দগ্ধ অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এরই মধ্যে আশেপাশের লোকজন ছুটে আসে। টেলিফোন পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন।" তিনি জানান, দমকল এবং স্থানীয় লোকজন মিলে বাসার আগুন নেভায় এবং বাসার ড্রইং-ডাইনিং রুম থেকে উপুড় হয়ে পড়ে থাকা তমহরকে মৃত অবস্থায় উদ্ধার করে। কামরুজ্জামান জানান, বাসার বাসার ড্রইং এবং ডাইনিং রুম এক সঙ্গে। এই রুমের সবচেয়ে ক্ষতি হয়েছে। এই রুমে থাকা টেলিভিশন,ফ্যান, ফ্রিজ পুড়ে গেছে। ফ্রিজের কমপ্রেসার ফেটে গেছে। দেখে মনে হয়েছে যেনো বিস্ফোরণ ঘটেছে। তিনি জানান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে ফ্রিজের কমপ্রেসার বিষ্ফোরণ ঘটে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দমকল বাহিনীর সদস্যরা ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/এমআই/১১৫৩ ঘ.