ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পাঠানো তালিকা অনুযায়ী মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৭৬ জনের বিরুদ্ধে খেলাপি ঋণের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া আরো ৩১ জনকে সংশয়ের তালিকায় রেখে তাদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর দায়িত্বে নিয়োজিত খন্দকার মাজহারুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ২১৩৯ জন প্রার্থীর তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। এদের মধ্যে ৭৬ জনের ঋণ খেলাপ করার তথ্য পাওয়া গেছে। আরো ৩১ জনের ব্যাপারে সংশয় থাকায় তাদের তথ্য যাচাই-বাছাই চলছে। এই ২১৩৯ জনের মধ্যে মোট কতজন ঋণখেলাপি রয়েছেন মঙ্গলবারই তা চূড়ান্ত করা হবে।"
এ পর্যন্ত সনাক্ত হওয়া ঋণখেলাপির মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর কোনো নেতা আছেন কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
খন্দকার মাজহারুল হক জানান, নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিনে ৩৫ জন ঋণখেলাপি আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণ খেলাপির দায়মুক্ত হয়েছেন।
এই ৩৫ জন মনোনয়ন প্রত্যাশী কিনা সে ব্যাপারেও কোনো মন্তব্য করেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/টিএইচ/এসকে/২২৫৩ঘ.
bdnews24